অনলাইন রিপোর্টার
রমজানের শেষ দশকে মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদে নববিতে ইতিকাফের জন্য অনলাইন নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে আবেদন গ্রহণ করা হবে এবং নির্বাচিত ব্যক্তিদের মোবাইলে এসএমএসের মাধ্যমে জানানো হবে।
নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে শুক্রবার ৩ রমজান, অর্থাৎ ২০ ফেব্রুয়ারি সকাল ১১টা থেকে। ইতিকাফ শুরু হবে ২০ রমজান থেকে এবং শেষ হবে ৩০ রমজান পর্যন্ত। এই সময়ে মুসল্লিরা লাইলাতুল কদরের অনুসন্ধান ও ইবাদত পালন করবেন। পবিত্র লাইলাতুল কদর অনুসন্ধানের কারণে এই ইতিকাফ মুসলমানদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ।
ইতিকাফের জন্য আবেদনকারীকে অবশ্যই সৌদি নাগরিক অথবা বৈধ ইকামাধারী হতে হবে। ন্যূনতম বয়স ১৮ বছর। নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
আগ্রহীরা সরকারি অনলাইন পোর্টালের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করতে পারবেন। প্রথমে ওয়েবসাইটে প্রবেশ করে অ্যাকাউন্ট খুলতে হবে বা নাফাথ জাতীয় পরিচয় যাচাইকরণ ব্যবস্থার মাধ্যমে লগইন করতে হবে। এরপর মক্কার গ্র্যান্ড মসজিদ বা মদিনার মসজিদে নববী যে কোনো একটি স্থান বেছে নিয়ে ব্যক্তিগত তথ্য পূরণ করে আবেদন জমা দিতে হবে। আবেদন জমা দেওয়ার সময় শর্তাবলিতে সম্মতি জানাতে হবে।
উভয় মসজিদে স্থান সীমিত থাকায় সব আবেদন যাচাই-বাছাই করা হবে। ধারণক্ষমতা ও প্রশাসনিক ব্যবস্থাপনার ভিত্তিতে চূড়ান্ত নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হবে। নির্বাচিত আবেদনকারীদের মোবাইল নম্বরে এসএমএস পাঠিয়ে নিশ্চিত করা হবে। এসএমএস না পেলে আবেদনটি নির্বাচিত হয়নি বলে গণ্য হবে।
এবারের নিবন্ধন প্রক্রিয়ায় আবেদনকারীদের নিরাপত্তা, সুবিধা এবং সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য পূর্বের বছরের তুলনায় আরও আধুনিক ও স্বয়ংক্রিয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ইতিকাফের সময় স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্বের নিয়ম মানা হবে।
নিবন্ধনের মাধ্যমে মুসল্লিরা ১০ দিন ধরে মসজিদে অবস্থান করে ইবাদত ও তেলাওয়াতের মাধ্যমে রমজানের শেষ দশককে পুণ্যময় করতে পারবেন। ইতিকাফের মাধ্যমে ধর্মীয় সচেতনতা বৃদ্ধি পাবে এবং মুসলমানরা নফল নামাজ ও কুরআনের তিলাওয়াতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করতে পারবেন।
সৌদি কর্তৃপক্ষ আশা করছে, এবারের নিবন্ধন প্রক্রিয়া আরও স্বচ্ছ, দ্রুত এবং সুবিধাজনক হবে। আগ্রহীরা অনলাইনে সহজে আবেদন করতে পারবে এবং নির্বাচিত হলে নির্ধারিত সময়ে মসজিদে ইতিকাফের জন্য প্রবেশ করতে পারবেন।
আকাশজমিন / আরআর