বর্তমান রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন-কে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগের দাবিতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। জুলাইকে অসম্মান করে সাংবিধানিক দায়িত্ব ও শপথের পরিপন্থি বক্তব্য দেওয়ার অভিযোগে এ নোটিশ দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্ট-এর আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার এ আইনি নোটিশ পাঠান। নোটিশটি সংসদ সচিবালয় ও আইন সচিবের কাছে প্রেরণ করা হয়েছে।
আইনি নোটিশে বলা হয়েছে, রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন সম্প্রতি জুলাইকে অসম্মান করে যে বক্তব্য দিয়েছেন, তা তার সাংবিধানিক শপথ ও দায়িত্বের পরিপন্থি। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি দেশের সংবিধান রক্ষা, সমুন্নত রাখা ও সমর্থন করার শপথ গ্রহণ করেন। সেই শপথ ভঙ্গের অভিযোগ তুলে তাকে অপসারণের দাবি জানানো হয়েছে।
নোটিশে আরও বলা হয়, রাষ্ট্রপতির বক্তব্য দেশের সংবিধান ও গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক হলে তা পর্যালোচনার সুযোগ রয়েছে। এ প্রেক্ষাপটে রাষ্ট্রপতিকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগ দেওয়ার উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে নতুন রাষ্ট্রপতির মাধ্যমে উদ্বোধনের ব্যবস্থা নিতে সংসদ সচিবালয় ও আইন সচিবকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানানো হয়।
নোটিশে উল্লেখ করা হয়েছে, ২৪ ঘণ্টার মধ্যে এ বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। কী ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে, সে বিষয়ে নোটিশে বিস্তারিত উল্লেখ করা হয়নি।
আইন বিশেষজ্ঞদের মতে, রাষ্ট্রপতিকে অপসারণের প্রশ্নটি সংবিধান নির্ধারিত প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট। সংবিধানে রাষ্ট্রপতির অপসারণের জন্য নির্দিষ্ট বিধান রয়েছে, যা সংসদের মাধ্যমে সম্পন্ন করতে হয়। ফলে আইনি নোটিশের পরবর্তী অগ্রগতি নির্ভর করবে সংশ্লিষ্ট সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণের ওপর।
এ বিষয়ে রাষ্ট্রপতি কার্যালয়, সংসদ সচিবালয় বা আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
উল্লেখ্য, সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে জুলাইকে ঘিরে বিভিন্ন বক্তব্য ও পাল্টা বক্তব্যের জেরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা চলছে। তারই ধারাবাহিকতায় রাষ্ট্রপতির বক্তব্যকে কেন্দ্র করে এ আইনি নোটিশ পাঠানো হয়েছে।
আকাশজমিন / আরআর