ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৯০ দিন বাড়ল ডাকসুর সময়সীমা, তফসিল ঘোষণাতেই বাতিল হবে কমিটি হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৬ ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই চীন সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি কিম জং উনের ছেলে সন্তান ঘিরে রহস্য, উত্তরসূরি নিয়ে আন্তর্জাতিক মহলে তর্ক বাংলাদেশের স্বাস্থ্যখাতে চীনের ব্যাপক বিনিয়োগের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর ডিএসসিসি কার্যালয়ে প্রশাসকের ঝটিকা পরিদর্শন জ্বালানি হামলা বন্ধের প্রস্তাবে ডোনাল্ড ট্রাম্পকে কী বলল মস্কো? পবিত্র মক্কা, জেদ্দা ও তাইফে জরুরি সতর্কতা জারি করল সৌদি আরব ৭ জনের ফাঁসির রায়ে ককটেল বিস্ফোরণ বড় বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮ বছর আগের চুক্তি, ৪৫০ কোটি রুপি পাচ্ছে ওয়ার্ন পরিবার


  • আপলোড সময় : বুধবার ২৫ মার্চ, ২০২৬ সময় : ৩:৫০ পিএম

ক্রীড়া ডেস্ক

অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগ-স্পিনার শেন ওয়ার্ন শুধু ক্রিকেট মাঠেই জাদু দেখাননি, ভবিষ্যৎ পরিকল্পনাতেও ছিলেন অসাধারণ দূরদর্শী। প্রায় ১৮ বছর আগে করা একটি চুক্তির কারণে এবার বড় অঙ্কের আর্থিক সুবিধা পেতে যাচ্ছে তার পরিবার।

ভারতীয় প্রিমিয়ার লিগের (আইপিএল) দল রাজস্থান রয়্যালস বিক্রির প্রক্রিয়া চূড়ান্ত হওয়ার পর শেন ওয়ার্নের পরিবারের হাতে আসতে পারে প্রায় ৪৫০ থেকে ৪৬০ কোটি ভারতীয় রুপি। দীর্ঘদিন আগে করা একটি চুক্তির শর্ত অনুযায়ী এই অর্থ পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক একটি কনসোর্টিয়ামের কাছে রাজস্থান রয়্যালস প্রায় ১৫ হাজার ২৯০ কোটি রুপিতে বিক্রি হওয়ার খবর সামনে আসে। দলটির বিক্রির প্রক্রিয়া সামনে আসার পরই শেন ওয়ার্নের সেই পুরনো চুক্তি আবার আলোচনায় এসেছে।

২০০৮ সালে আইপিএলের প্রথম আসরে রাজস্থান রয়্যালসের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার সময় শেন ওয়ার্ন শুধু দলের অধিনায়কত্বই পাননি, তাকে ক্রিকেট-সংক্রান্ত কার্যক্রমেও গুরুত্বপূর্ণ ভূমিকা দেওয়া হয়েছিল। সেই সময় তার সঙ্গে করা চুক্তিতে একটি বিশেষ শর্ত যুক্ত করা হয়, যা আজ তার পরিবারের জন্য বড় আর্থিক সুবিধা এনে দিতে পারে।

চুক্তির অন্যতম আকর্ষণীয় শর্ত ছিল—দলের হয়ে যত বছর খেলবেন, প্রতি মৌসুমে তিনি পাবেন ০.৭৫ শতাংশ করে মালিকানা অংশীদারিত্ব। অর্থাৎ মাঠের পারফরম্যান্সের পাশাপাশি দলটির মালিকানাতেও ধীরে ধীরে অংশীদার হয়ে উঠতেন তিনি।

শেন ওয়ার্ন রাজস্থান রয়্যালসের হয়ে মোট চারটি মৌসুম খেলেছিলেন। ফলে এই হিসাব অনুযায়ী ফ্র্যাঞ্চাইজিটিতে তার মালিকানা দাঁড়ায় মোট ৩ শতাংশ। বর্তমানে দলটির বিক্রয়মূল্য অনুযায়ী সেই ৩ শতাংশ শেয়ারের মূল্য দাঁড়িয়েছে প্রায় ৪৫০ থেকে ৪৬০ কোটি ভারতীয় রুপি।

এর অর্থ হলো, প্রয়াত এই অস্ট্রেলিয়ান কিংবদন্তির পরিবার চাইলে আসন্ন আইপিএল শেষ হওয়ার পর সেই শেয়ার বিক্রি করে বিপুল অঙ্কের নগদ অর্থ পেতে পারে। তবে এই শেয়ার বিক্রির ক্ষেত্রে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের (বিসিসিআই) অনুমোদন প্রয়োজন হবে।

আইপিএলের প্রথম আসরেই ২০০৮ সালে শেন ওয়ার্নের নেতৃত্বে রাজস্থান রয়্যালস অসাধারণ সাফল্য পায়। তুলনামূলকভাবে কম তারকাসমৃদ্ধ একটি দল নিয়ে তিনি সবাইকে চমকে দিয়ে ফ্র্যাঞ্চাইজিটিকে শিরোপা জেতান। ক্রিকেটবিশ্বে সেটি এখনও আইপিএলের অন্যতম বড় রূপকথা হিসেবে বিবেচিত হয়।

অস্ট্রেলিয়ার হয়ে ১৪৫ টেস্ট ম্যাচে ৭০৮ উইকেট নেওয়া শেন ওয়ার্ন ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা স্পিনার হিসেবে বিবেচিত। তার বলের বৈচিত্র্য, টার্ন এবং কৌশল ক্রিকেটপ্রেমীদের কাছে এখনও স্মরণীয়।

২০২২ সালের ৪ মার্চ থাইল্যান্ডের কোহ সামুই দ্বীপে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান এই কিংবদন্তি স্পিনার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। তার আকস্মিক মৃত্যুতে পুরো ক্রিকেটবিশ্ব শোকাহত হয়েছিল।

তবে প্রায় দুই দশক আগে করা একটি দূরদর্শী চুক্তির ফল এখন তার পরিবারের কাছে বড় আর্থিক সুবিধা হিসেবে ফিরে আসছে। ফলে আবারও আলোচনায় উঠে এসেছে শেন ওয়ার্নের দূরদর্শী সিদ্ধান্ত এবং আইপিএলের ইতিহাসে তার অবদান।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর