ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৯০ দিন বাড়ল ডাকসুর সময়সীমা, তফসিল ঘোষণাতেই বাতিল হবে কমিটি হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৬ ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই চীন সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি কিম জং উনের ছেলে সন্তান ঘিরে রহস্য, উত্তরসূরি নিয়ে আন্তর্জাতিক মহলে তর্ক বাংলাদেশের স্বাস্থ্যখাতে চীনের ব্যাপক বিনিয়োগের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর ডিএসসিসি কার্যালয়ে প্রশাসকের ঝটিকা পরিদর্শন জ্বালানি হামলা বন্ধের প্রস্তাবে ডোনাল্ড ট্রাম্পকে কী বলল মস্কো? পবিত্র মক্কা, জেদ্দা ও তাইফে জরুরি সতর্কতা জারি করল সৌদি আরব ৭ জনের ফাঁসির রায়ে ককটেল বিস্ফোরণ বড় বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

ফুটপাত দখলমুক্ত করতে আজ থেকে ডিএমপির অভিযান


  • আপলোড সময় : বুধবার ০১ এপ্রিল, ২০২৬ সময় : ৫:৩৫ পিএম

অনলাইন রিপোর্টার

রাজধানীর ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার বিরুদ্ধে আজ বুধবার থেকে অভিযান শুরু করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বৈধ সীমানার বাইরে ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা পরিচালনা করা সব প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই অভিযান চালানো হবে বলে জানিয়েছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির ডিসি মিডিয়া তালেবুর রহমান।

তিনি জানান, গত ২৩ মার্চ ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে রাজধানীর ব্যবসায়ীদের ফুটপাত ও রাস্তা দখল করে রাখা মালামাল দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই নির্দেশনার পরিপ্রেক্ষিতেই এবার মাঠপর্যায়ে অভিযান শুরু হচ্ছে।

রাজধানীর বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার অভিযোগ রয়েছে। অনেক দোকান ও ওয়ার্কশপ তাদের বৈধ সীমানা ছাড়িয়ে ফুটপাত ও রাস্তার অংশ ব্যবহার করছে। এর ফলে পথচারীদের চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছে।

বিশেষ করে রাজধানীর ধোলাইখাল এলাকায় ফুটপাত দখলের চিত্র সবচেয়ে বেশি চোখে পড়ে। সেখানে গাড়ির টায়ার, ভারী যন্ত্রপাতি এবং বিভিন্ন মোটরযন্ত্রাংশ ফুটপাতে সাজিয়ে রাখা হয়। অনেক জায়গায় ফুটপাতের চিহ্ন পর্যন্ত বোঝা যায় না, যেন তা কোনো গ্যারেজের ভেতরের অংশ।

তবে এসব বিষয়ে অনেক ব্যবসায়ী নির্বিকার। তাদের দাবি, এটি নতুন কিছু নয়; বহু বছর ধরেই এভাবে ব্যবসা চলছে। তাদের মতে, পণ্য বাইরে প্রদর্শন না করলে ক্রেতারা দোকানে আসতে চান না। অনেক ক্রেতা সরাসরি দোকানের ভেতরে না গিয়ে ফুটপাতেই পণ্য দেখে কেনাকাটা করেন।

শুধু ধোলাইখাল নয়, রাজধানীর আরও অনেক এলাকায় একই ধরনের চিত্র দেখা যায়। বিভিন্ন মুদি দোকান, ফার্নিচারের দোকান কিংবা খাবারের দোকান তাদের মালামাল ফুটপাতে রেখে ব্যবসা পরিচালনা করছে। কোথাও আইসক্রিমের ফ্রিজ, কোথাও ফার্নিচার, আবার কোথাও খাবারের সরঞ্জাম ফুটপাতজুড়ে রাখা হচ্ছে।

এ কারণে প্রতিদিনই চরম ভোগান্তিতে পড়ছেন পথচারীরা। অনেকেই অভিযোগ করছেন, ফুটপাত দখলের কারণে তাদের বাধ্য হয়ে সড়ক দিয়ে হাঁটতে হচ্ছে। এতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে এবং যানজটও সৃষ্টি হচ্ছে।

পথচারীরা বলছেন, অতীতে বহুবার ফুটপাত দখলমুক্ত করার কথা বলা হলেও বাস্তবে খুব একটা পরিবর্তন দেখা যায়নি। তাই এবারের অভিযানে স্থায়ী সমাধান হবে কি না, তা নিয়ে অনেকেই সন্দিহান।

এদিকে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান জানিয়েছেন, বৈধ সীমানার বাইরে ফুটপাত দখল করে রাখা সব ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, যেসব ব্যবসা প্রতিষ্ঠান তাদের নির্ধারিত জায়গার বাইরে ফুটপাত ব্যবহার করছে, সেগুলো দখলমুক্ত করা হবে। পাশাপাশি পথচারীদের চলাচল স্বাভাবিক রাখতে নিয়মিত নজরদারি জোরদার করা হবে।

তিনি আরও জানান, হকারদের জন্য নির্ধারিত এলাকায় শিগগিরই হলিডে ও নাইট মার্কেট চালুর পরিকল্পনাও রয়েছে। এর মাধ্যমে একদিকে যেমন হকারদের জন্য বিকল্প ব্যবস্থা তৈরি হবে, অন্যদিকে ফুটপাত দখলের সমস্যাও কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।

ডিএমপির গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, রেস্টুরেন্টের রান্নার সরঞ্জাম, গ্রিল ও কাবাব মেশিন, মোটর ওয়ার্কশপের টায়ার ও যন্ত্রপাতি, ওয়েল্ডিং সামগ্রী, পোশাক ও আসবাবপত্রের প্রদর্শনী সামগ্রীসহ বিভিন্ন মালামাল ফুটপাত ও সড়কে রাখা হচ্ছে।

এমনকি অনেক মোটরগাড়ির ওয়ার্কশপ রাস্তার এক লেন দখল করে মেরামতের কাজও পরিচালনা করছে। এতে যান চলাচলে মারাত্মক বিঘ্ন তৈরি হচ্ছে।

নির্দেশনা অমান্য করলে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড, অর্থদণ্ড এবং মালামাল জব্দসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর