আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উস্কানিমূলক মন্তব্য ও ইরান যুদ্ধ পরিচালনার পরিস্থিতি নিয়ে এবার ব্যাপক পদত্যাগের দাবি উঠেছে। ট্রাম্প বলেন, “একটি সম্পূর্ণ সভ্যতা আজ রাতে মারা যাবে,” যা তার দ্বিতীয় মেয়াদে প্রথমবারের মতো রাজনৈতিক সংকট সৃষ্টি করেছে। এ মন্তব্যের পর মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্যরা সংবিধানের ২৫তম সংশোধনী প্রয়োগ করে ট্রাম্পকে সরিয়ে দেওয়ার বা অভিশংসন প্রক্রিয়া শুরু করার আহ্বান জানিয়েছেন।
কানেকটিকাটের ডেমোক্র্যাট প্রতিনিধি জন লারসন মঙ্গলবার (৭ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাব দাখিল করেছেন। তিনি বলেন, “পুরো একটি সভ্যতাকে ধ্বংস করার হুমকি এবং ইস্টার সানডের দিন করা মন্তব্যগুলো যুক্তরাষ্ট্রের নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলছে। এটি যুদ্ধাপরাধের আগাম ইঙ্গিত দেয়।” কংগ্রেসের ডেমোক্র্যাট নেতারা জানিয়েছেন, ট্রাম্পের মানসিক অস্থিতিশীলতা দিন দিন বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে।
সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি জানিয়েছেন, যদি মন্ত্রিসভা ২৫তম সংশোধনী প্রয়োগ করে শান্তি ফিরিয়ে আনতে ব্যর্থ হয়, তবে রিপাবলিকানদের উচিত কংগ্রেসের অধিবেশন ডেকে যুদ্ধবিরতি নিশ্চিত করা। সিনেটর এড মার্কিও জানিয়েছেন, ট্রাম্প বিশ্ববাসীর জন্য স্পষ্ট ও বর্তমান বিপদ হয়ে দাঁড়িয়েছেন।
বর্তমানে কংগ্রেসের উভয় কক্ষ রিপাবলিকানদের নিয়ন্ত্রণে থাকলেও ডেমোক্র্যাটরা আশা করছেন, আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পর তারা নিয়ন্ত্রণ ফিরে পেলে অভিশংসন প্রক্রিয়াকে চূড়ান্ত রূপ দিতে পারবেন। হোয়াইট হাউসের পক্ষ থেকে ট্রাম্পের অবস্থানের পক্ষে সাফাই দেওয়া হয়েছে। প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট দাবি করেছেন, প্রেসিডেন্টের শক্তিশালী হুমকির কারণে ইরান নতি স্বীকার করে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে এবং হরমুজ প্রণালী খুলে দিয়েছে।
তবে প্রগতিশীল প্রতিনিধি ইলহান ওমর ট্রাম্পকে ‘উন্মাদ’ আখ্যা দিয়ে দ্রুত অপসারণের দাবি তুলেছেন। প্রায় ৭০ জনের বেশি আইনপ্রণেতা ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার পক্ষে অবস্থান নিয়েছেন। ট্রাম্পের এক সময়কার কট্টর সমর্থক রিপাবলিকান নেত্রী মার্জোরি টেইলর গ্রিনও এবার সামাজিক মাধ্যমে ২৫তম সংশোধনী প্রয়োগের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “আমরা একটি সভ্যতাকে হত্যা করতে পারি না, এটি চরম উন্মাদনা ও শয়তানি।”
ডানপন্থী প্রভাবশালী ব্যক্তিত্ব টাকার কার্লসন ও অ্যালেক্স জোনসও ট্রাম্পের যুদ্ধ নীতির সমালোচনা করেছেন। এর জবাবে ট্রাম্প কার্লসনকে ‘নিম্ন বুদ্ধিসম্পন্ন’ বলে কটাক্ষ করেছেন। যদিও রিপাবলিকান নিয়ন্ত্রিত কংগ্রেসে বা ট্রাম্পের মন্ত্রিসভায় ২৫তম সংশোধনী পাস করা কঠিন, তবুও অভ্যন্তরীণ চাপ তার শাসনকালকে বড় ধরনের সংকটের মুখে ফেলেছে।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) অবশেষে যুক্তরাষ্ট্র ও ইরান দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এর ফলে এক মাসেরও বেশি সময় ধরে চলা ইরান যুদ্ধের অবসান ঘটতে যাচ্ছে বলে আশা করা হচ্ছে।