শেরপুর প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ী উপজেলা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতীয় ওষুধ পাচারের চেষ্টা ভেস্তে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১৩ সেপ্টেম্বর) ভোরে উপজেলার সীমান্তবর্তী পানিহাতা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভারতীয় ওষুধের একটি বড় চালান জব্দ করেন বিজিবির সদস্যরা।
জব্দ করা ওষুধের আনুমানিক সিজার মূল্য ৫ লাখ ২ হাজার ৪২৫ টাকা বলে জানিয়েছে বিজিবি। তবে এ ঘটনায় চোরাকারবারিদের কাউকে আটক করা সম্ভব হয়নি।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, সীমান্ত দিয়ে চোরাকারবারিরা অবৈধভাবে ভারতীয় ওষুধ বাংলাদেশে পাচারের চেষ্টা করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে পানিহাতা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
তিনি জানান, বিজিবির সদস্যরা সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান চালানোর সময় সন্দেহজনক গতিবিধি টের পান। পরে সেখানে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ওষুধের চালান ফেলে পালিয়ে যায় বলে জানা গেছে।
বিজিবি সূত্রে জানা গেছে, ময়মনসিংহ-শেরপুর সীমান্তকে চোরাচালানমুক্ত রাখতে নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে। সীমান্ত এলাকায় মাদক, অবৈধ পণ্য পাচার ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ২৪ ঘণ্টা নজরদারি চালানো হচ্ছে।
সীমান্তবর্তী এলাকায় চোরাচালানের বিভিন্ন রুট চিহ্নিত করে নিয়মিত অভিযান পরিচালনা করছে বিজিবি। বিশেষ করে ভারতীয় বিভিন্ন পণ্য অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ ঠেকাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান জোরদার করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত দিয়ে অবৈধভাবে পণ্য পাচারের বিরুদ্ধে অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বিজিবি কর্মকর্তারা জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে স্থানীয়দের সহযোগিতাও গুরুত্বপূর্ণ। সন্দেহজনক কোনো ব্যক্তি বা পণ্যের বিষয়ে তথ্য থাকলে তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়েছে।
জব্দ করা ভারতীয় ওষুধের বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে সম্পন্ন করা হবে বলে জানা গেছে।