ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা

ধান খাওয়ার অভিযোগে বাবুই পাখির ৩০ ছানা হত্যা


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৬ এপ্রিল, ২০২৬ সময় : ৩:৩৭ পিএম

ঢাকা টুডে ডেস্ক

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ধান খাওয়ার অভিযোগে বাবুই পাখির প্রায় ২৫ থেকে ৩০টি ছানা মেরে ফেলার অভিযোগ উঠেছে। একই ঘটনায় ২২টি বাবুই পাখির বাসা ভেঙে ফেলারও অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার পোপাদিয়া ঈশ্বর ভট্ট বাজার সংলগ্ন ভুবনেশ্বরী মাতৃ মন্দির এলাকায়।

স্থানীয়দের অভিযোগ, বাছা মিয়া নামের এক ব্যক্তি তার ফসলি জমির ধান বাবুই পাখি খেয়ে ফেলেছে—এই অভিযোগে ক্ষুব্ধ হয়ে পাখির বাসাগুলো ভেঙে ফেলেন। এরপর বাসার ভেতরে থাকা ছানাগুলো মারা যায়।

খবর পেয়ে বুধবার (১৫ এপ্রিল) ঘটনাস্থলে যান উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক। তিনি ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পান। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, বাছা মিয়া (৪৮) পোপাদিয়া ইউনিয়নের নুরুল ইসলামের ছেলে। তিনি বাবুই পাখির ২২টি বাসা ভেঙে ফেলেন, যার ভেতরে থাকা ছোট ছোট ২৫ থেকে ৩০টি ছানা মারা যায় বলে জানা গেছে।

উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক বলেন, ‘দেশীয় বাবুই পাখির বাসা ভাঙার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে দেখা যায়, অভিযুক্ত ব্যক্তি অভিযোগ করেছেন যে তার ধানের ক্ষতি করছিল পাখিগুলো। এ কারণে তিনি ২২টি বাবুই পাখির বাসা ভেঙে ফেলেন। পরে বাসাগুলোর ভেতরে ২৫ থেকে ৩০টি পাখির ছানা পাওয়া যায়।’

তিনি আরও বলেন, ‘ঘটনার সত্যতা পাওয়ায় অভিযুক্ত ব্যক্তি অপরাধ স্বীকার করেন। বন্যপ্রাণী সংরক্ষণ আইনের আওতায় তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

এ ঘটনায় স্থানীয় এলাকাজুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। পরিবেশবিদ ও সচেতন মহল বলছেন, বাবুই পাখি দেশের একটি গুরুত্বপূর্ণ ও উপকারী প্রজাতি। তাদের বাসা ভাঙা এবং ছানা হত্যা পরিবেশের জন্য ক্ষতিকর এবং আইনত দণ্ডনীয় অপরাধ।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান জানান, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে জেলহাজতে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

স্থানীয়রা জানান, বাবুই পাখি সাধারণত ধানক্ষেতে ক্ষতিকর পোকামাকড় দমন করে কৃষকের উপকার করে। তাই এ ধরনের ঘটনা শুধু নিষ্ঠুরতাই নয়, কৃষি ও পরিবেশের জন্যও ক্ষতিকর।



এ সম্পর্কিত আরো খবর