ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

ওভারব্রিজের নিচে দোকানপাট, রায়গঞ্জে তীব্র যানজট


  • আপলোড সময় : রবিবার ১৯ এপ্রিল, ২০২৬ সময় : ৪:২৮ পিএম

রেজাউল করিম ঝন্টু, সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ভুইয়াগাঁতী বাসস্ট্যান্ড এলাকায় সড়ক ও সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা অসংখ্য অবৈধ দোকানপাটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বিশেষ করে ওভারব্রিজের নিচে এবং আশপাশের এলাকা দখল হয়ে যাওয়ায় সড়কের স্বাভাবিক চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। প্রতিদিনই সৃষ্টি হচ্ছে তীব্র যানজট, বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এসব অবৈধ দোকানপাট গড়ে উঠলেও সেগুলো উচ্ছেদে কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি। ফলে দিন দিন সমস্যার মাত্রা বাড়ছে। দোকানগুলোর বর্জ্য সরাসরি সড়কে ফেলা হচ্ছে, যার ফলে পরিবেশ দূষণের পাশাপাশি পথচারীদের চলাচলেও চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছে।

এদিকে একই এলাকায় মহাসড়ক ও আঞ্চলিক সড়কের ওপর গড়ে উঠেছে অবৈধ স্ট্যান্ড। সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত যানবাহন সড়কের মাঝখানেই যাত্রী ওঠানামা করায় প্রতিনিয়ত যানজট তৈরি হচ্ছে। এতে যান চলাচলের গতি কমে যাওয়ার পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকি কয়েকগুণ বেড়ে যাচ্ছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

স্থানীয় বাসিন্দা ও পথচারীরা জানান, দীর্ঘদিন ধরে এই সমস্যা চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না। প্রতিদিনই দুর্ভোগ বেড়ে চলেছে এবং সাধারণ মানুষের চলাচল ক্রমেই কঠিন হয়ে উঠছে। তারা দ্রুত অবৈধ দখল উচ্ছেদ, যানবাহন নিয়ন্ত্রণ এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।

পরিবেশ আন্দোলন বাংলাদেশ, সিরাজগঞ্জের আহ্বায়ক দীপক কুমার কর বলেন, সড়ক ও সরকারি জায়গা দখল এবং সঠিক বর্জ্য ব্যবস্থাপনার অভাবে পরিবেশ ও জনস্বাস্থ্য মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে। তিনি দ্রুত উচ্ছেদ অভিযান পরিচালনা এবং নিয়মিত মনিটরিংয়ের ওপর জোর দেন।

এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মহাসড়কে অবৈধ স্ট্যান্ড ও যানবাহনের বিশৃঙ্খল চলাচলের বিষয়টি তাদের নজরে রয়েছে এবং শিগগিরই অভিযান পরিচালনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হবে।

রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল খালেক পাটোয়ারী বলেন, সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনার বিষয়ে তদন্ত করা হবে। সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে দ্রুত উচ্ছেদ অভিযান চালানো এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।

স্থানীয়দের মতে, ভুইয়াগাঁতী এলাকার এই গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনার কারণে জনদুর্ভোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে এবং যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যাবে।

সচেতন মহল মনে করছে, জনস্বার্থে দ্রুত অভিযান চালিয়ে অবৈধ দখল উচ্ছেদ এবং ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করা অত্যন্ত জরুরি। অন্যথায় রায়গঞ্জের এই গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ পুরোপুরি অচল হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

আকাশজমিন / আরআর   


এ সম্পর্কিত আরো খবর