পৌরসভা প্রতিষ্ঠার সার্ধশত বছর পূর্তিতে অবশেষে সিটি করপোরেশনের মর্যাদা পেল উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ জেলা বগুড়া। আজ সোমবার (২০ এপ্রিল) বেলা ১২টার দিকে পৌর ভবনে সিটি করপোরেশনের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে দেশের ১৩তম নগর সংস্থা হিসেবে বগুড়া সিটি করপোরেশন আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল।
এতদিন দেশের ১২টি সিটি করপোরেশন ছিল—ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রংপুর, গাজীপুর ও ময়মনসিংহ। এবার নতুন সংযোজন হিসেবে বগুড়া এই তালিকায় যুক্ত হলো।
ফলক উন্মোচন অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী মীর শাহে আলম, বগুড়া সদর (বগুড়া-৬) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, স্থানীয় সরকার সচিব শহীদুল হাসান, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, জেলা প্রশাসক তৌফিকুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঐতিহাসিকভাবে ব্রিটিশ শাসনামলে ১৮৭৬ সালের ১ জুলাই বগুড়া পৌরসভার কার্যক্রম শুরু হয়। উত্তরাঞ্চলের প্রাচীন পৌরসভাগুলোর মধ্যে এটি অন্যতম। শুরুতে ২১টি ওয়ার্ড নিয়ে গঠিত এই পৌরসভার জনসংখ্যা ২০২২ সালের আদমশুমারি অনুযায়ী প্রায় ৪ লাখ।
২০০৬ সালে তৎকালীন সরকার পৌরসভার চারপাশের ৪৮টি মৌজা অন্তর্ভুক্ত করে এর আয়তন ৬৯ দশমিক ৫৬ বর্গকিলোমিটারে উন্নীত করে। ওই সময় ওয়ার্ড সংখ্যা ১২ থেকে বাড়িয়ে ২১ করা হয়। তখনই এটিকে সিটি করপোরেশনে উন্নীত করার পরিকল্পনার কথা জানানো হয়েছিল, তবে দীর্ঘ দুই দশকেও তা বাস্তবায়িত হয়নি।
গত এক যুগে দেশের বেশ কয়েকটি পৌরসভা সিটি করপোরেশনে উন্নীত হলেও বগুড়া দেশের অন্যতম বৃহৎ পৌরসভা হয়েও এতদিন সেই মর্যাদা পায়নি। অবশেষে নতুন ঘোষণার মাধ্যমে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল।
এর আগে প্রধানমন্ত্রী ঢাকা থেকে সকাল ১০টায় বগুড়া সার্কিট হাউসে পৌঁছান। সেখানে থেকে তিনি জজ কোর্ট প্রাঙ্গণে জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের ফলক উন্মোচন করেন এবং পরে আদালতে ই-বেইল বন্ড কার্যক্রমের উদ্বোধন করেন।
আকাশজমিন / আরআর