মামুন উজ্জ্বল, কিশোরগঞ্জ
কিশোরগঞ্জের হোসনেপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নে খাল খনন কাজের শুভ উদ্বোধন করেছেন কিশোরগঞ্জ-হোসনেপুর আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম। রবিবার (১৯ এপ্রিল) বিকেলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ইজিপিপি কর্মসূচির আওতায় এ উন্নয়ন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধন হওয়া প্রকল্পটির নাম ‘সৈয়দপুর হতে লাখুহাটি হয়ে পানান বিল পর্যন্ত খাল খনন’। প্রকল্পটির দৈর্ঘ্য ২.৩৬০ কিলোমিটার এবং এর জন্য প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৭০ লাখ ৮৫ হাজার ১৩১ টাকা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, দীর্ঘদিন ধরে খালটি ভরাট হয়ে থাকায় এলাকাজুড়ে জলাবদ্ধতা তৈরি হচ্ছিল, যা কৃষি উৎপাদনে বড় ধরনের বাধা সৃষ্টি করছিল।
জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে এ প্রকল্পটি গ্রহণ করা হয়েছে। স্থানীয় প্রশাসন এই খাল খননের উদ্যোগ নেওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। বিশেষ করে কৃষকরা আশা করছেন, খালটি পুনঃখনন হলে বর্ষা মৌসুমে জমিতে পানি জমে থাকার সমস্যা অনেকটাই কমে যাবে।
এলাকাবাসীরা জানান, দীর্ঘদিন ধরে খালটি অপরিকল্পিতভাবে ভরাট হয়ে যাওয়ায় বর্ষা মৌসুমে ফসলি জমি পানির নিচে ডুবে যেত। এতে কৃষকরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হতেন। এখন খাল খনন কাজ শুরু হওয়ায় তারা নতুন করে আশার আলো দেখছেন।
উদ্বোধন উপলক্ষে স্থানীয় আব্দুল আজিজ উচ্চ বিদ্যালয় মাঠে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। হোসনেপুর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ইউএনও কাজী নাহিদ ইভা।
প্রধান অতিথির বক্তব্যে এমপি মাজহারুল ইসলাম বলেন, সরকার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং দুর্যোগ ঝুঁকি হ্রাসে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে। তিনি বলেন, “এই খাল খননের ফলে গোবিন্দপুর ইউনিয়নের সৈয়দপুর, লাখুহাটি ও পানান বিল এলাকার কয়েক হাজার একর জমির জলাবদ্ধতা নিরসন হবে। এতে কৃষি উৎপাদন বাড়বে এবং কৃষকদের মুখে হাসি ফুটবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিজাবে রহমত, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহসী মাসনাদ, থানা অফিসার ইনচার্জ ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম, জেলা বিএনপি কৃষকদলের সভাপতি অ্যাডভোকেট মাজহারুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জহিরুল ইসলাম মবিন, আব্দুল আজিজ উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি মোহাম্মদ খাদেমুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মঞ্জুরুল ইসলাম জুয়েল, অ্যাডভোকেট মনিরুল হক রাজন, হোসনেপুর পৌরসভার সাবেক মেয়র মো. মাহবুবুর রহমান, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ, গোবিন্দপুর ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান শফিকুল ইসলাম ভূইয়া, গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল্লাহ আল মামুন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ সাইদুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি এ কে এম শফিকুল হক শফিক, সাধারণ সম্পাদক মানসুরুল হক রবিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয় জনপ্রতিনিধিরা আশা প্রকাশ করেন, নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে প্রকল্পটির কাজ সম্পন্ন হলে এলাকার কৃষি ও সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়ন ঘটবে। জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি এটি গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলেও তারা মনে করেন।
এলাকাবাসী এই উদ্যোগকে স্বাগত জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাদের মতে, দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে এই খাল খনন প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আকাশজমিন / আরআর