আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারের সময় গুলির ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীর পরিচয় শনাক্ত করা হয়েছে বলে দাবি করেছেন একাধিক মার্কিন গণমাধ্যমের কলামিস্ট। ঘটনার পরপরই ওই ব্যক্তিকে আটক করা হয়। তবে এখনো পর্যন্ত মার্কিন কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে তার পরিচয় নিশ্চিত করেনি।
ফক্স নিউজ এবং নিউইয়র্ক পোস্টের কলামিস্ট ক্যারল মার্কোউইজ সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেন, সন্দেহভাজন বন্দুকধারীর নাম কোল টমাস অ্যালেন (৩১)। তিনি ক্যালিফোর্নিয়ার টরেন্স এলাকার বাসিন্দা। একই ধরনের তথ্য দেন ডানপন্থী ভাষ্যকার লরা লুমারও। তবে এসব তথ্য এখনো সরকারিভাবে যাচাই করা হয়নি বলে জানা গেছে।
ঘটনাটি ঘটে শনিবার (২৫ এপ্রিল) রাতে ওয়াশিংটন হিলটন হোটেলে আয়োজিত একটি নৈশভোজ চলাকালে। হঠাৎ বাইরে থেকে একাধিক গুলির শব্দ শোনা গেলে পুরো অনুষ্ঠানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। উপস্থিত অতিথির সংখ্যা ছিল দুই হাজারেরও বেশি। মুহূর্তের মধ্যে নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেয়।
ঘটনার পরপরই হোটেল প্রাঙ্গণ ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। সিএনএন জানিয়েছে, আটক ব্যক্তি ক্যালিফোর্নিয়ার একজন পুরুষ। প্রত্যক্ষদর্শীদের বরাতে অ্যাসোসিয়েটেড প্রেস জানায়, ঘটনাস্থলে অন্তত পাঁচ থেকে আট রাউন্ড গুলির শব্দ শোনা যায়, যা উপস্থিতদের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করে।
মার্কিন অ্যাটর্নি জিনিন পিরো জানান, গুলির শব্দ শোনার সঙ্গে সঙ্গেই প্রেসিডেন্টকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় এবং সিক্রেট সার্ভিস পুরো হোটেলের নিয়ন্ত্রণ নেয়। তিনি আরও বলেন, ওয়াশিংটনের মেয়র মিউরিয়েল বাউজার এবং পুলিশ প্রধান দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেন।
ঘটনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, সন্দেহভাজন হামলাকারীকে আটক করা হয়েছে এবং তার পরিচয় শনাক্ত করা হয়েছে। তবে তিনি বিস্তারিত তথ্য প্রকাশ করেননি। এ ঘটনায় উপস্থিত সবাই নিরাপদ আছেন বলে নিশ্চিত করা হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, মেলানিয়া ট্রাম্প এবং জেডি ভ্যান্স কোনো ধরনের শারীরিক ক্ষতির শিকার হননি।
এ ঘটনায় পুরো ওয়াশিংটনে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। তদন্তকারীরা এখনো ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ ও বিশ্লেষণ করছেন। কেন এই হামলার চেষ্টা করা হয়েছে এবং এর পেছনে কোনো বড় পরিকল্পনা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারের মতো উচ্চপর্যায়ের একটি অনুষ্ঠানে এমন নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এটি নিরাপত্তা ব্যবস্থার জন্য একটি বড় সতর্ক সংকেত।