কৃষিখাতকে আরও উন্নত, আধুনিক ও রপ্তানি নির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সংসদ সদস্য ফরিদুল কবির তালুকদার শামিম এমপি। তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে কৃষিখাতকে আধুনিকায়নের মাধ্যমে প্রান্তিক কৃষকের জীবনমান উন্নয়নে নানা উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি আরও বলেন, কৃষি কার্ডের মাধ্যমে প্রান্তিক কৃষকরা ন্যায্যমূল্যে কৃষি উপকরণ, সেচ সুবিধা, ভর্তুকি, সহজ শর্তে ঋণ, প্রণোদনা, কৃষি বিমা এবং উৎপাদিত পণ্য বিক্রয়ের সুবিধা পাবেন। এসব সুবিধা কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে দেশের কৃষি খাত আরও শক্তিশালী হবে, শস্য উৎপাদন বাড়বে এবং কৃষকের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত হবে।
মঙ্গলবার দুপুরে জামালপুরের সরিষাবাড়ীতে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রধানমন্ত্রী ঘোষিত অগ্রাধিকার কর্মসূচি কৃষক কার্ডের অনুকূলে প্রদত্ত ১০টি বিশেষ সুবিধা এবং কৃষি ঋণ মওকুফ বিষয়ক কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা তথ্য অফিস ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রান্তিক কৃষকদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, সুবিধা ও অসুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামিম এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সিনিয়র তথ্য অফিসার জালাল উদ্দিন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অনুপ সিংহ, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আজিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি একেএম ফয়জুল কবির তালুকদার শাহীন, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু এবং উপজেলা কৃষক দলের সভাপতি আব্দুল মজিদ প্রমুখ।
সমাবেশে বক্তারা কৃষিখাতের উন্নয়ন, কৃষকদের সুবিধা বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের উপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে কৃষকদের পক্ষ থেকেও মাঠ পর্যায়ের নানা সমস্যা তুলে ধরা হয়, যার মধ্যে রয়েছে সেচ সংকট, উৎপাদন খরচ বৃদ্ধি, বাজারজাতকরণ সমস্যা এবং কৃষি উপকরণের সহজলভ্যতা।
স্থানীয় কৃষকরা আশা প্রকাশ করেন, সরকার ঘোষিত কৃষি কার্ড সুবিধা বাস্তবায়িত হলে কৃষকেরা সরাসরি উপকৃত হবেন এবং কৃষি উৎপাদনে নতুন গতি আসবে। সভা শেষে কৃষি খাতের উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।