টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের অত্যন্ত জনপ্রিয় ও সমাদৃত সংবাদমাধ্যম দৈনিক টাঙ্গাইল সমাচার-এর গৌরবময় দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য আলোচনা সভা ও প্রীতি সম্মিলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মে) সকাল ১১টায় টাঙ্গাইল প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার প্রবীণ ও নবীন সাংবাদিক, বিশিষ্ট সাহিত্যিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় গণমাধ্যমকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এক প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
প্রতিষ্ঠাবার্ষিকীর এই বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক ও উপদেষ্টা ড. ইউসুফ খান। তিনি তাঁর বক্তব্যে বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও সাধারণ জনমানুষের সুখ-দুঃখের কথা নির্ভীকভাবে তুলে ধরতে স্থানীয় গণমাধ্যমের ভূমিকা সব সময়ই অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অনস্বীকার্য। একই সাথে তিনি সত্য ও সাহসিকতার সঙ্গে আপসহীনভাবে সংবাদ প্রকাশের এই ধারা ভবিষ্যতেও বজায় রাখার জন্য পত্রিকার কলাকুশলীদের প্রতি উদাত্ত আহ্বান জানান।
অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য পেশ করেন টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মাওলা। তিনি বর্তমান গণমাধ্যমের চ্যালেঞ্জগুলো তুলে ধরে বলেন, বর্তমান জটিল সময়ে দায়িত্বশীল সাংবাদিকতা সমাজকে সঠিক ও আলোর পথে পরিচালিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই স্থানীয় সাংবাদিকদের আরও বেশি পেশাদারিত্ব, সততা ও বস্তুনিষ্ঠতার সঙ্গে মাঠপর্যায়ে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহিত্য কণ্ঠ পত্রিকার সম্পাদক কবি আজাদ কামাল এবং বেসরকারি উন্নয়ন সংস্থা সেতুর নির্বাহী পরিচালক মির্জা শাকিফ হোসেনসহ জেলার আরও অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ। আমন্ত্রিত বক্তারা দৈনিক টাঙ্গাইল সমাচারের বিগত দুই বছরের পথচলার ভূয়সী প্রশংসা করেন এবং পত্রিকার উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করেন।
বর্ণাঢ্য এই প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক টাঙ্গাইল সমাচারের প্রকাশক ও সম্পাদক মো. মাসুদুল হক। সমাপনী বক্তব্যে তিনি অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথি, পাঠক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও কোনো রক্তচক্ষুর কাছে মাথা নত না করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন দৈনিক টাঙ্গাইল সমাচারের বার্তা সম্পাদক মোঃ মমিনুর রহমান মোমিন, স্টাফ রিপোর্টার মুসা মিয়া ছাড়াও টাঙ্গাইল প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও বিভিন্ন উপজেলা থেকে আসা সংবাদকর্মীরা। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দকে সাথে নিয়ে দৈনিক টাঙ্গাইল সমাচারের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দঘন মুহূর্ত স্মারক করে রাখতে একটি বড় কেক কাটা হয়। অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পুরো আয়োজনটি সম্পন্ন হয়।