"জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার দাকোপে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৩ দিনব্যাপী 'ভূমি সেবা সপ্তাহ ও মেলা' উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা ভূমি অফিসের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, সেমিনার এবং সাধারণ নাগরিকদের সুবিধার্থে উন্মুক্ত গণশুনানির আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা ভূমি অফিস চত্বরে এক আলোচনা সভা (সেমিনার) ও গণশুনানি অনুষ্ঠিত হয়।
দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং ভারপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) বোরহান উদ্দিন মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু বক্কর সিদ্দিকী।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শহিদুল্লাহ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, দাকোপ প্রেস ক্লাবের সভাপতি শামিম হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় সুধী সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সহকারী প্রোগ্রামার (আইসিটি কর্মকর্তা) সমীর বিশ্বাস।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বোরহান উদ্দিন মিঠু বলেন, "ভূমি সেবা এখন জনগণের দোরগোড়ায়। সাধারণ মানুষ যেন কোনো ধরনের হয়রানি ও মধ্যস্বত্বভোগী ছাড়াই সহজে, দ্রুত এবং শতভাগ ডিজিটাল পদ্ধতিতে ভূমি সেবা পেতে পারেন, সেটি নিশ্চিত করতেই এই মেলার আয়োজন। আমরা নামজারি, খতিয়ানসহ ভূমির যেকোনো জটিলতা দ্রুততম সময়ে নিরসনে কাজ করে যাচ্ছি।"
সেমিনার শেষে আয়োজিত উন্মুক্ত গণশুনানিতে উপজেলার দূর-দূরান্ত থেকে আসা সাধারণ মানুষ ভূমি সংক্রান্ত তাদের বিভিন্ন সমস্যা, খতিয়ানের ভুল সংশোধন ও ই-নামজারি সংক্রান্ত জটিলতা সরাসরি কর্মকর্তাদের সামনে তুলে ধরেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাৎক্ষণিকভাবে বেশ কিছু সমস্যার সমাধান দেন এবং বাকি বিষয়গুলো দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন।
৩ দিনব্যাপী এই মেলায় বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসের স্টল থেকে নাগরিকদের অনলাইনে খাজনা প্রদান, খতিয়ান অনুসন্ধানসহ বিভিন্ন ডিজিটাল ভূমি সেবা সরাসরি প্রদান করা হচ্ছে।