মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুর-০৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার (খোকন তালুকদার) বলেছেন, “কোনো ব্যক্তির কাছে মাদক পাওয়া গেলে শুধু তাকে নয়, তার পুরো পরিবারকে গ্রেফতার করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। কারণ মাদক বিক্রির অবৈধ টাকায় শুধু বিক্রেতা একা নয়, তার পুরো পরিবার আরামে জীবনযাপন ও স্বাচ্ছন্দ্যবোধ করে। এজন্য এই জঘন্য অপরাধের সমান ভাগীদার তারাও।”
গতকাল শুক্রবার (২২ মে ২০২৬) সন্ধ্যায় মাদারীপুরের কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের কালিগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক ‘নির্বাচন পরবর্তী জনসভায়’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তালুকদার খোকন আরও বলেন, মাদকের ভয়াবহ ছোবল থেকে সমাজকে রক্ষা করতে প্রতিটি ইউনিয়নে একটি করে সামাজিক সচেতনতামূলক কমিটি গঠন করা হবে। যারা মাদক সেবন করে আর বিক্রি করে তারা অন্য কেউ নয়, আমাদের নিজ নিজ এলাকারই সন্তান। মাদক বিক্রির কালো টাকা দিয়ে এই অসাধু বিক্রেতারা বড় বড় বাড়ি-বিল্ডিং বানায় এবং দামি গাড়িতে যাতায়াত করে। যে বাড়িতে এই মাদক ব্যবসার ঘটনা ঘটবে, সেই পরিবারের সকলেই সমান অপরাধে দোষী। মাদক নির্মূলের ক্ষেত্রে কোনো পরিবারে নারী কিংবা বৃদ্ধকেও কোনো ধরণের ছাড় দেওয়া হবে না।
মাদক ব্যবসার পাশাপাশি যারা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন, তাদের কঠোর হুঁশিয়ারি দিয়ে কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক তালুকদার খোকন বলেন, “নদীতে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদী তীরবর্তী এলাকায় ব্যাপক ভাঙন দেখা দেয়। এক শ্রেণির অসাধু ব্যক্তি দিনের পাশাপাশি রাতের আঁধারেও অবৈধভাবে বালু উত্তোলন করে চলেছে। নদী ও পরিবেশ রক্ষায় বালু উত্তোলন বন্ধ করার জন্য ইতিমধ্যে বিভিন্ন কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এখনও সময় আছে, যারা এই সমাজ ও রাষ্ট্রবিরোধী কাজের সাথে জড়িত তারা ভালো হয়ে যান। তা না হলে এলাকাবাসী ও প্রশাসন একযোগে তাদের কঠোরভাবে দমন করবে।”
আলীনগর ইউনিয়ন বিএনপির আয়োজনে এবং ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মনিরুজ্জামান তালুকদার-এর সভাপতিত্বে জনসভাটি অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম-এর চমৎকার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সভাপতি ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন মুন্সি, আলীনগর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান শাহীদ পারভেজ এবং সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান মিলনসহ স্থানীয় ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। জনসভায় বক্তারা কালকিনি উপজেলাকে মাদক ও বালুমুক্ত করার লক্ষ্যে একযোগে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
আকাশজমিন / আরআর