নড়াইলের লোহাগড়া উপজেলায় মাদকের ভয়াবহ বিস্তার ও মাদক কেনাবেচা বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ জুন) বেলা সাড়ে ১১টার দিকে কালনা–নড়াইল–বেনাপোল জাতীয় মহাসড়কে লোহাগড়া উপজেলা পরিষদের প্রধান গেটের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
লোহাগড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডবাসীর আয়োজনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে একই দাবিতে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন লোহাগড়া পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট নেওয়াজ আহম্মদ ঠাকুর নজরুল, জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য জামিরুল হক টুটুল, জি এম মাহবুবুর রহমান লিটন, কে এম জীবন জিয়া এবং কে এম হাবিবুল্লাহ বেলালীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা অভিযোগ করে বলেন, লোহাগড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে মাদকের বিস্তার বর্তমানে ভয়াবহ আকার ধারণ করেছে। তাদের দাবি, থানা পুলিশের কাছাকাছি এলাকায় প্রকাশ্যে মাদক বিক্রি চললেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তারা আরও বলেন, প্রশাসনের উদাসীনতার কারণে এলাকায় মাদকসেবী ও অপরাধপ্রবণতা দিন দিন বাড়ছে, যা তরুণ সমাজকে বিপথে ঠেলে দিচ্ছে।
বক্তারা দ্রুত মাদক সিন্ডিকেট বন্ধে এবং যুবসমাজকে রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি লোহাগড়া শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়। স্থানীয়রা মনে করেন, মাদকবিরোধী এই ধরনের কর্মসূচি জনসচেতনতা বাড়াতে ভূমিকা রাখবে এবং প্রশাসনকে আরও সক্রিয় হতে উদ্বুদ্ধ করবে।