ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

ইরান ইস্যুতে বারবার অবস্থান বদলাচ্ছেন ট্রাম্প


  • আপলোড সময় : বুধবার ১৫ জুলাই, ২০২৬ সময় : ৯:৫৫ এএম

ইরানের সঙ্গে দীর্ঘায়িত সংঘাত বন্ধে একের পর এক অবস্থান পরিবর্তন করেও কার্যকর সমাধান খুঁজে পাচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ২০ শতাংশ ফি আরোপের ঘোষণা দেওয়ার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই সেই সিদ্ধান্ত থেকে সরে এসে নতুন অর্থনৈতিক সহযোগিতার প্রস্তাব দেন তিনি। বিশ্লেষকদের মতে, এই অবস্থান পরিবর্তনই প্রমাণ করছে—ইরান যুদ্ধের ইতি টানতে এখনো সুস্পষ্ট কোনো কৌশল খুঁজে পাননি ট্রাম্প। খবর বিবিসি

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প প্রথমে ঘোষণা দেন, ইরানি নৌপরিবহনের ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ আবার কার্যকর করা হবে। একই সঙ্গে হরমুজ প্রণালি ব্যবহারকারী সব জাহাজের কাছ থেকে ২০ শতাংশ ফি আদায়ের কথাও জানান। তার যুক্তি ছিল, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথে নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের যে ব্যয় হচ্ছে, তা মেটাতেই এই অর্থ নেওয়া হবে।

তবে একদিনের ব্যবধানে তিনি সেই অবস্থান থেকে সরে আসেন। নতুন প্রস্তাবে ট্রাম্প জানান, উপসাগরীয় অঞ্চলের মিত্র দেশগুলোর সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদার করেই নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে চায় ওয়াশিংটন। অর্থ আদায়ের পরিবর্তে অর্থনৈতিক অংশীদারিত্বকেই তিনি গুরুত্ব দেন।

ট্রাম্পের এই অবস্থান পরিবর্তন এমন সময়ে এলো, যখন ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত চার মাসের বেশি সময় ধরে চলছে। এক মাস আগে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হলেও তা স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করতে পারেনি। বরং মাঝেমধ্যেই সংঘর্ষের ঘটনা ঘটায় সেই সমঝোতার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

বিশ্লেষকদের মতে, ট্রাম্প যুদ্ধ আরও বিস্তৃত করতে চান না। কারণ যুক্তরাষ্ট্রে এই যুদ্ধ জনপ্রিয় নয়। সংঘাত দীর্ঘ হলে জ্বালানির দাম বাড়তে পারে, পাশাপাশি মার্কিন সেনা ও মিত্রদের ওপর ইরানের হামলার ঝুঁকিও বেড়ে যেতে পারে।

অন্যদিকে, নতুন কোনো কূটনৈতিক সমঝোতা ছাড়া যুদ্ধের সমাপ্তি ঘটানোও ট্রাম্পের জন্য রাজনৈতিকভাবে সহজ নয়। কারণ তিনি এমন একটি চুক্তি করতে চান, যেটিকে ২০১৫ সালে বারাক ওবামা প্রশাসনের পারমাণবিক চুক্তির চেয়েও সফল বলে উপস্থাপন করা সম্ভব হবে।

যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ডিফেন্স প্রায়োরিটিজ-এর মধ্যপ্রাচ্য কর্মসূচির পরিচালক রোজমেরি কেলানিডের মতে, বর্তমান পরিস্থিতিতে যুদ্ধের দ্রুত সমাপ্তির সম্ভাবনা খুবই কম। তার ভাষায়, এই সংঘাত ধীরে ধীরে একটি দীর্ঘমেয়াদি অমীমাংসিত যুদ্ধে রূপ নিচ্ছে।

ট্রাম্পের ঘোষণার পর ইরানও পাল্টা প্রতিক্রিয়া দেখায়। যুক্তরাষ্ট্রের মিত্র দেশ এবং বাণিজ্যিক জাহাজের ওপর হামলা জোরদার হওয়ায় হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আবারও ব্যাপকভাবে ব্যাহত হয়।

সামরিক দিক থেকে যুক্তরাষ্ট্র কিছু সাফল্য পেলেও রাজনৈতিক সমাধান এখনো অধরাই রয়ে গেছে। ইরানের সামরিক সক্ষমতা কিছুটা দুর্বল হলেও দেশটি এখনো হরমুজ প্রণালিতে নৌ চলাচলে প্রভাব বিস্তারের সক্ষমতা ধরে রেখেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

এদিকে, ট্রাম্পের ২০ শতাংশ ফি আরোপের প্রস্তাব নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। কারণ এক মাস আগেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আন্তর্জাতিক জলপথে কোনো ধরনের টোল বা ফি আরোপের বিরোধিতা করেছিলেন। তিনি বলেছিলেন, আন্তর্জাতিক আইনে কোনো রাষ্ট্রের এ ধরনের ফি আদায়ের সুযোগ নেই।

বিশ্লেষকদের মতে, সামরিক ও কূটনৈতিক—দুই ক্ষেত্রেই ভারসাম্য রক্ষা করতে গিয়ে ট্রাম্প এখন কঠিন বাস্তবতার মুখোমুখি। যুদ্ধ থামানোর ইচ্ছা থাকলেও কার্যকর ও গ্রহণযোগ্য সমাধানের পথ এখনো তার নাগালের বাইরে।


এ সম্পর্কিত আরো খবর