নড়াইলের লোহাগড়া উপজেলায় চাঞ্চল্যকর নির্মাণ শ্রমিক আলিনুর ফকির (২৫) হত্যা মামলার প্রধান আসামি রাজিব শেখকে (৪৫) সাতক্ষীরা থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব-৬)। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই মামলার অন্যতম মূল আসামিকে জালে তুলতে সক্ষম হয় সংস্থাটি। এ নিয়ে আলোচিত এই হত্যাকাণ্ডের ঘটনায় র্যা ব মোট দুইজনকে গ্রেফতার করল।
মঙ্গলবার (২১ জুলাই) রাত ৮টার দিকে র্যা ব-৬, সিপিসি-৩ যশোর ক্যাম্প এবং র্যা ব-৬, সিপিসি-১ সাতক্ষীরা ক্যাম্পের একটি যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে এই বিশেষ অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃত রাজিব শেখ লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা গ্রামের জাহাঙ্গীর শেখের ছেলে। র্যা ব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি প্রিন্স বিষয়টি নিশ্চিত করে জানান, সাতক্ষীরা সদর থানার গাংনিয়া ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেফতারের পর লোহাগড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে সোমবার (২০ জুলাই) দিবাগত রাতে ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার হাসামদিয়া গ্রামে পৃথক অভিযান চালিয়ে মামলার দুই নম্বর এজাহারনামীয় আসামি রহমান শেখকে গ্রেফতার করে র্যা ব। লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় জানিয়েছেন, সাতক্ষীরা থেকে রাজিবকে লোহাগড়া থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
উল্লেখ্য, গত রোববার (১৯ জুলাই) রাত ১০টার দিকে লোহাগড়ার কুমারডাঙ্গা গ্রামের প্রাইমারি স্কুলের পাশে পাওনা টাকা পরিশোধের কথা বলে আলিনুর ফকিরকে ডেকে নেওয়া হয়। সেখানে রাজিব শেখ ও তার সহযোগীরা আলিনুরকে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। পরে সোমবার রাতে নিহতের ভাই আমিনুর ফকির বাদী হয়ে রাজিব শেখকে প্রধান আসামি করে ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫-৭ জনের বিরুদ্ধে লোহাগড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।