ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

ই-রিটার্নে রেকর্ড ৪৭ লাখ করদাতা, মিলবে ৫ শতাংশ প্রণোদনা


  • আপলোড সময় : বুধবার ২২ জুলাই, ২০২৬ সময় : ৩:৩৯ পিএম

২০২৫-২০২৬ করবর্ষে ই-রিটার্ন ব্যবস্থায় রেকর্ড প্রায় ৪৭ লাখ করদাতা আয়কর রিটার্ন দাখিল করেছেন। একই সঙ্গে নতুন করবর্ষে ব্যক্তি শ্রেণির করদাতাদের জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সুবিধা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বুধবার (২২ জুলাই) থেকে করদাতারা এ সেবা গ্রহণ করতে পারবেন বলে জানিয়েছে সংস্থাটি।

এ বিষয়ে এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আহসান হাবিব-এর নেতৃত্বে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় অনলাইন রিটার্ন ব্যবস্থার অগ্রগতি, করদাতাদের অংশগ্রহণ এবং নতুন করবর্ষে ডিজিটাল সেবার সম্প্রসারণ নিয়ে আলোচনা করা হয়।

এনবিআর জানায়, ২০২১ সালে ই-রিটার্ন ব্যবস্থা চালুর পর থেকে এটি করদাতাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। সর্বশেষ ২০২৫-২০২৬ করবর্ষে প্রায় ৪৭ লাখ করদাতা সফলভাবে অনলাইনে আয়কর রিটার্ন জমা দিয়েছেন, যা এ পর্যন্ত সর্বোচ্চ। করদাতাদের ক্রমবর্ধমান আগ্রহের কারণে অনলাইনভিত্তিক করসেবা আরও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন করবর্ষে সকল স্বাভাবিক ব্যক্তি শ্রেণির করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। তবে বিশেষ কিছু ক্ষেত্রে পেপার রিটার্ন জমা দেওয়ার সুযোগ রাখা হয়েছে। এর মধ্যে রয়েছেন ৬৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ করদাতা, সনদপত্র সাপেক্ষে শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, মৃত করদাতার প্রতিনিধিরা এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক।

এ ছাড়া, ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধনসংক্রান্ত সমস্যার কারণে যারা অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবেন না, তারা সংশ্লিষ্ট অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনারের অনুমোদন নিয়ে কাগজে রিটার্ন জমা দিতে পারবেন।

এনবিআর জানিয়েছে, করদাতারা সংস্থার ই-ট্যাক্স ওয়েবসাইটের মাধ্যমে সহজেই বাৎসরিক আয়কর রিটার্ন প্রস্তুত ও জমা দিতে পারবেন। একই প্ল্যাটফর্মে ব্যাংক ট্রান্সফার, ডেবিট ও ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট, নগদসহ বিভিন্ন ডিজিটাল মাধ্যমে কর পরিশোধের সুযোগ রাখা হয়েছে। রিটার্ন দাখিলের পরপরই করদাতারা তাৎক্ষণিকভাবে প্রাপ্তিস্বীকারপত্র এবং আয়কর সনদ সংগ্রহ করতে পারবেন।

অনলাইনে রিটার্ন দাখিলের সময় কোনো ধরনের জটিলতা দেখা দিলে অফিস চলাকালীন সময়ে এনবিআরের কল সেন্টারের মাধ্যমে প্রয়োজনীয় সহায়তা নেওয়া যাবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

করদাতাদের নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন জমা দিতে উৎসাহিত করতে বিশেষ প্রণোদনারও ঘোষণা দিয়েছে এনবিআর। চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করলে নিট প্রদেয় করের ওপর ৫ শতাংশ পর্যন্ত প্রণোদনা দেওয়া হবে। তবে এ সুবিধার সর্বোচ্চ সীমা ২৫ হাজার টাকা।

অন্যদিকে, ডিসেম্বরের পর আয়কর রিটার্ন দাখিল করলে এ প্রণোদনা পাওয়া যাবে না। বরং নির্ধারিত বিধি অনুযায়ী অতিরিক্ত কর পরিশোধ করতে হবে। তাই সময়মতো অনলাইনে রিটার্ন জমা দিয়ে প্রণোদনার সুবিধা গ্রহণের জন্য করদাতাদের প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।


এ সম্পর্কিত আরো খবর