ভারতের রাজধানী দিল্লিতে নিরাপত্তাজনিত কারণে আজ বৃহস্পতিবার সকাল থেকে ঐতিহ্যবাহী রাজীব চক, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, মান্ডি হাউস, আইটিও এবং খান মার্কেটসহ অত্যন্ত গুরুত্বপূর্ণ মোট ১৬টি মেট্রো স্টেশন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। দিল্লি মেট্রো রেল করপোরেশন (ডিএমআরসি) অফিসিয়ালি তথ্যটি নিশ্চিত করেছে। ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করা হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক আনুষ্ঠানিক বার্তায় ডিএমআরসি জানিয়েছে, শহরের সাধারণ মানুষের নিরাপত্তা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার তাগিদে লোক কল্যাণ মার্গ, রাজীব চক, প্যাটেল চক, রামকৃষ্ণ আশ্রম মার্গ, বারাকাম্বা রোড, সুপ্রিম কোর্ট, সেবা তীর্থ, জনপথ, মান্ডি হাউস, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, আইটিও, দিল্লি গেট, ইন্দ্রপ্রস্থ, খান মার্কেট, জোর বাগ এবং শিবাজি স্টেডিয়াম—এই ১৬টি মেট্রো স্টেশন পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে। এসব স্টেশনে আপাতত ট্রেন থামা ও যাত্রী ওঠা-নামা স্থগিত রাখা হয়েছে।
মূলত দিল্লির যন্তর মন্তরে চলমান ‘ককরোচ জনতা পার্টির’ (সিজেপি) বড় ধরনের প্রতিবাদ সমাবেশকে কেন্দ্র করে হঠাৎ বিশাল জনসমাগম তৈরি হওয়ায় এই প্রশাসনিক সিদ্ধান্ত ও কঠোর পদক্ষেপ নিয়েছে দিল্লি মেট্রো রেল করপোরেশন। বড় ধরনের জমায়েত ঠেকাতে এবং শহরের যানজট ও নিরাপত্তা নিয়ন্ত্রণে আনতেই দিল্লিজুড়ে পরিবহন ব্যবস্থায় এই সাময়িক কড়াকড়ি আরোপ করা হয়েছে