ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের

অভিযুক্ত রমি রাজ আটক

আনোয়ারায় মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে বাবা-মা নিহত


  • আপলোড সময় : শনিবার ২৫ জুলাই, ২০২৬ সময় : ৭:৩৫ পিএম

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মাদকাসক্ত ছেলের ধারালো অস্ত্রের আঘাতে তার বাবা ও মা নৃশংসভাবে নিহত হয়েছেন। স্বজনদের দাবি, দীর্ঘদিন ধরে মাদকে আসক্ত ওই যুবককে দুই দফা পুনর্বাসন কেন্দ্রে ভর্তি করা হলেও তার আচরণে কোনো পরিবর্তন আসেনি। শেষ পর্যন্ত তার বর্বরোচিত হামলাতেই প্রাণ হারিয়েছেন বৃদ্ধ দম্পতি।

শনিবার (২৫ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলার হাইলধর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব গুজরা মহাজন বাড়িতে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন স্থানীয় বাসিন্দা স্বপন দাশ গুপ্ত (৭০) এবং তার স্ত্রী কল্পনা দাশ গুপ্ত (৫৫)। ঘটনার পরপরই ঘাতক একমাত্র ছেলে রমি রাজ দাশ গুপ্ত (৩০)-কে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় হঠাৎ বাড়ির ভেতর থেকে চিৎকার শুনে আশপাশের প্রতিবেশীরা ছুটে আসেন। পরিবারের সদস্যদের অভিযোগ, রমি রাজ ধারালো অস্ত্র দিয়ে প্রথমে তার মায়ের ওপর অতর্কিত হামলা করেন। এ সময় স্ত্রীকে বাঁচাতে স্বপন দাশ এগিয়ে এলে তিনিও ছেলের হামলার শিকার হন।

হামলার ঘটনাস্থলেই প্রাণ হারান কল্পনা দাশ। অপরদিকে গুরুতর আহত স্বপন দাশকে দ্রুত উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের প্রস্তুতির সময় তিনিও মৃত্যুর কোলে ঢলে পড়েন।

নিহতের স্বজন মেরি বিশ্বাস জানান, রমি রাজ দীর্ঘদিন ধরে তীব্র মাদকাসক্ত ছিলেন। তাকে দুইবার মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করা সত্ত্বেও কোনো সুফল পাওয়া যায়নি। নেশাগ্রস্ত অবস্থায় সে প্রায়ই পরিবারে উচ্ছৃঙ্খল আচরণ করত এবং এর আগেও একাধিকবার বাবা-মার ওপর শারীরিক নির্যাতন চালিয়েছিল।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী জানান, অত্যন্ত গুরুতর আহত অবস্থায় স্বপন দাশকে হাসপাতালে আনা হয়েছিল। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতিকালে তার মৃত্যু হয়।

আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত ছেলে রমি রাজকে আটক করে। ঘটনাস্থল থেকে কল্পনা দাশের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং স্বপন দাশের মরদেহ হাসপাতাল থেকে জিম্মায় নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। মর্মান্তিক এই হত্যাকাণ্ডের মূল কারণ ও বিস্তারিত জানতে আটককৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।


এ সম্পর্কিত আরো খবর