মোঃ সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি:
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও গোয়ালন্দ ঘাট থানা পুলিশের যৌথ বিশেষ অভিযানে নিয়মিত মামলার এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন—কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার মরাগাছা হিজলাকর গ্রামের মোহাম্মদ জিন্দার আলী মোল্লার ছেলে মোহাম্মদ জিয়ারুল ইসলাম হৃদয় (২৩) এবং একই জেলা ও উপজেলার কান্দাবাড়ী গ্রামের মো. নুরুদ্দিন শেখের ছেলে মো. রিপন শেখ (২৮)।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ২৮ জুলাই (মঙ্গলবার) বিকেলে রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের সদস্য এবং গোয়ালন্দ ঘাট থানার সাব-ইন্সপেক্টর নাজিম উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার মোড় এলাকায় অভিযান চালান। বিকেল আনুমানিক ৪টার দিকে চালানো ওই অভিযানে নিয়মিত মামলার ঘটনায় জড়িত আন্ত:জেলা চোর চক্রের সক্রিয় দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, জেলা গোয়েন্দা পুলিশ ও গোয়ালন্দ ঘাট থানা পুলিশের যৌথ অভিযানে কুমারখালী থেকে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, এই মামলার সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তার ও চুরি হওয়া মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।