রাশিয়ার রাজধানী মস্কোয় এক ইতালীয় রেস্তোরাঁর বাইরে শক্তিশালী বিস্ফোরণে অন্তত ৩ জন নিহত এবং আরও ২১ জন মারাত্মকভাবে আহত হয়েছেন। রুশ নিরাপত্তা সূত্রের বরাতে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি এই মর্মান্তিক ঘটনার খবর নিশ্চিত করেছে।
শনিবার (১ আগস্ট) স্থানীয় সময় রাত ৮টার দিকে মস্কোর ঐতিহাসিক স্তালিন যুগের তৈরি সুউচ্চ ভবনগুলোর একটির নিচতলায়, কুদ্রিনস্কায়া স্কয়ারের কাছে অবস্থিত রেস্তোরাঁটির সামার টেরেসের সামনে এ বিস্ফোরণ ঘটে। ঘটনার সময় রেস্তোরাঁটিতে একটি ব্যক্তিগত সামাজিক অনুষ্ঠান চলছিল বলে জানা গেছে।
রাশিয়ার ন্যাশনাল অ্যান্টি-টেররিস্ট কমিটির (এনএকে) দেওয়া তথ্যমতে, বিস্ফোরক বহনকারী এক নারী অনুষ্ঠানস্থলে ঢোকার চেষ্টা করছিলেন। তবে প্রবেশদ্বারে থাকা নিরাপত্তারক্ষী তাঁকে ভেতরে যেতে বাধা দেন। ঠিক তখনই ওই নারী নিজের কাছে থাকা বিস্ফেোরকের বিস্ফোরণ ঘটান। এতে ঘটনাস্থলেই ওই হামলাকারী নারী, কর্তব্যরত নিরাপত্তারক্ষী এবং রেস্তোরাঁর এক আমন্ত্রিত অতিথি মারা যান।
ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানান, বিকট শব্দের বিস্ফোরণের পরপরই চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রক্তাক্ত অবস্থায় অনেক মানুষকে সেখান থেকে বের করে নিয়ে আসতে দেখা যায়। দ্রুতই উদ্ধারকর্মীরা এসে আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন। এটি কোনো সন্ত্রাসী হামলা কি না এবং এর পেছনের আসল কারণ ও উদ্দেশ্য কী, তা খতিয়ে দেখতে জোর তদন্ত শুরু করেছে রাশিয়ার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।