ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ

গাজায় নতুন যুদ্ধবিরতির আলোচনার মাঝেই রক্তক্ষয়ী হামলায় নিহত ১৯


  • আপলোড সময় : সোমবার ০৩ আগস্ট, ২০২৬ সময় : ৬:৪৩ পিএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিধ্বস্ত গাজায় শান্তি প্রতিষ্ঠার নয়া পরিকল্পনা ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই উপত্যকাটিতে প্রাণহানির নতুন রেকর্ড তৈরি হয়েছে। যুদ্ধবিরতির রূপরেখা নিয়ে আলোচনার মধ্যেই ইসরায়েলি হামলায় গত কয়েক সপ্তাহের মধ্যে একদিনে সর্বোচ্চ অন্তত ১৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

রোববার (২ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ভোররাত থেকে গাজা উপত্যকাজুড়ে মুহুর্মুহু হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

গাজার আল-শিফা হাসপাতালের চিকিৎসাসংক্রান্ত সূত্র জানায়, পশ্চিম গাজা শহরের আল-সুসি টাওয়ারের একটি আবাসিক অ্যাপার্টমেন্টে ইসরায়েলি বিমান হামলায় একই পরিবারের তিনজন নিহত হন। নিহতরা হলেন ৩৩ বছর বয়সী আবদুল্লাহ আবু তাইফ, তাঁর ২৯ বছর বয়সী অন্তঃসত্ত্বা স্ত্রী আবির আনান এবং তাঁদের পাঁচ বছরের সন্তান আজ্জাম।

একই দিন দক্ষিণ গাজার খান ইউনিস শহরের উত্তর-পশ্চিমে আল-কারারার একটি ভবনে ভয়াবহ হামলা চালানো হয়। নাসের হাসপাতালের দেওয়া তথ্য মতে, সেখানে আল-হামস পরিবারের তিন সদস্য—৩৮ বছর বয়সী মাহমুদ, তাঁর ৩৭ বছর বয়সী স্ত্রী ফাতিমা এবং তাঁদের ছোট কন্যাশিশু প্রাণ হারান ও আরও তিনজন আহত হন।

মধ্য গাজার দেইর আল-বালাহ সংলগ্ন আল-মাশালা এলাকায় বসতবাড়িতে ইসরায়েলি সামরিক হেলিকপ্টার হামলায় ৬৮ বছর বয়সী কামু আবু মুয়াইলিক ও তাঁর ৫৯ বছর বয়সী স্ত্রী হুদা মারা যান। এছাড়া ওই একই অঞ্চলে একটি মোটরসাইকেলে ড্রোন হামলায় আরও দুই ভাই নিহত হন।

উত্তর গাজার ঐতিহাসিক জাবালিয়া শরণার্থী শিবিরে সরাসরি লক্ষ্যবস্তু করে চালানো এক হামলায় এক ফিলিস্তিনি প্রাণ হারান। অপরদিকে গাজা শহরের রেমাল এলাকায় ঘরছাড়াদের একটি অস্থায়ী তাঁবুতে ইসরায়েলি ড্রোন থেকে আঘাত হানা হলে এক শিশুসহ দুজন এবং শহরের রাস্তায় একটি গাড়িতে হামলায় আরও চারজন নিহত হন।

এদিকে শনিবারেই দেইর আল-বালাহর আল-আকসা শহীদ হাসপাতালের কাছে প্রধান ওষুধের গুদামে বোমাবর্ষণ করে ইসরায়েলি বাহিনী। এ প্রসঙ্গে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আল-বুর্শ ক্ষোভ প্রকাশ করে বলেন, "জরুরি চিকিৎসা সরঞ্জাম ও সরবরাহ ব্যবস্থা ধ্বংস করে ওষুধ এবং ব্যাধিকেই যুদ্ধের অন্যতম হাতিয়ার বানাতে চাইছে ইসরায়েল।"

উল্লেখ্য, গত শুক্রবার ‘বোর্ড অব পিস’ এবং আন্তর্জাতিক স্থিতিশীলতা ফোর্সের সহায়তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় পরবর্তী পর্বের চুক্তি বাস্তবায়নের ঘোষণা দেন। যদিও হামাস এই বিস্তৃত রূপরেখা মেনে নেওয়ার ইঙ্গিত দিলেও ইসরায়েল সরকার এখনও আনুষ্ঠানিকভাবে এ নিয়ে মুখ খোলেনি।

গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, ২০২৫ সালের অক্টোবরে স্বাক্ষরিত যুদ্ধবিরতির পর থেকেও ইসরায়েলের অব্যাহত হামলায় এ পর্যন্ত অন্তত ১,২২২ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এবং ৪,০৫৩ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।


এ সম্পর্কিত আরো খবর