অধিকৃত পশ্চিম তীরে প্রাণঘাতী সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক ফিলিস্তিনির বাড়ি গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সেন্ট্রাল কমান্ডের প্রধান মেজর জেনারেল আভি ব্লুথ অভিযুক্ত ফিলিস্তিনির বাড়ি বাজেয়াপ্ত ও ভেঙে ফেলার এই আদেশে স্বাক্ষর করেছেন। আজ মঙ্গলবার (৪ আগস্ট) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ জুলাই পশ্চিম তীরের তেল গ্রামে এক প্রাণঘাতী সংঘর্ষের সময় ফারুক রমজান নামে এক ফিলিস্তিনি ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তার কাছ থেকে বন্দুক ছিনিয়ে নিয়ে গুলি চালান। স্থানীয় গ্রামবাসী ও ইসরায়েলিদের মধ্যে ঘটা ওই সংঘর্ষে আইডিএফ-এর সদস্য মাস্টার সার্জেন্ট (অব.) বেনায়াহু মেলেত (৩২) এবং কর্মকর্তা মেজর ইউভাল এজরা (২৭) নিহত হন। পরে সেনাসদস্যদের গুলিতে হামলাকারী ফারুক রমজানসহ চার ফিলিস্তিনি প্রাণ হারান।
ইতিমধ্যেই আইডিএফ রমজানের বসতবাড়িটি সিলগালা করে দিয়েছে। সেনাকর্তৃপক্ষের এই সিদ্ধান্তের বিরুদ্ধে রমজানের পরিবারের পক্ষ থেকে আপিল করা হলেও তা প্রত্যাখ্যান করা হয়। যদিও তাদের হাইকোর্টে আপিল করার সুযোগ রয়েছে, তবে টাইমস অব ইসরায়েল জানিয়েছে যে এই ধরনের আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে সফল হওয়ার নজির খুবই কম।