যুক্তরাষ্ট্রে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত মারিয়া লুইজা রিবেইরো ভিয়োত্তির ভিসা সাময়িকভাবে বাতিল করেছে মার্কিন প্রশাসন। ওয়াশিংটন ও দক্ষিণ আমেরিকার বৃহত্তম অর্থনীতির দেশ ব্রাজিলের মধ্যে চলমান তীব্র কূটনৈতিক টানাপোড়েনের অংশ হিসেবে মঙ্গলবার (৪ আগস্ট) মার্কিন পররাষ্ট্র দপ্তর এই নজিরবিহীন সিদ্ধান্ত গ্রহণ করে। মার্কিন কর্মকর্তাদের বরাতে জানা গেছে, এটি রাষ্ট্রদূতকে আনুষ্ঠানিকভাবে বহিষ্কার বা 'পারসোনা নন গ্রাটা' ঘোষণা করা নয়;
এই পাল্টাপাল্টি কূটনৈতিক সংকটের মূলে রয়েছে ব্রাসিলিয়ায় যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত মনোনয়ন ও ভিসা প্রদান সংক্রান্ত জটিলতা।
উত্তেজনার পারদ আরও বাড়িয়ে তোলে গত মাসে ব্রাজিলের একটি সিদ্ধান্ত, যেখানে মার্কিন পররাষ্ট্র দপ্তরের গণতন্ত্র, মানবাধিকার ও শ্রম ব্যুরোর কর্মকর্তাদের ভিসা দিতে অস্বীকৃতি জানায় দেশটির বামপন্থী প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলার সরকার।
ব্রাসিলিয়ার অভিযোগ ছিল, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে দেশের ইলেকট্রনিক ভোটিং ব্যবস্থা নিয়ে বিভ্রান্তি তৈরি এবং অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করার উদ্দেশ্যে মার্কিন প্রতিনিধিদলটি আসার পরিকল্পনা করছিল।