রূপগঞ্জ( নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ১০২ বোতল বিদেশি মদ ও ৪ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাব-১১। এ সময় মো. ইয়াছিন (২৬) নামে এক যুবককে আটক করা হয়েছে। র্যাবের দাবি, আটক ব্যক্তি একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় মাদক সরবরাহের সঙ্গে জড়িত ছিলেন।
বুধবার (৫ আগস্ট) রাত দেড়টার দিকে রূপগঞ্জ থানাধীন গোলাকান্দাইল পূর্বপাড়া এলাকার একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
র্যাব-১১-এর লেফটেন্যান্ট কমান্ডার সিপিএসসি বিসিজিএম নাঈম উল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১-এর সিপিএসসি, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় বিভিন্ন ব্র্যান্ডের ১০২ বোতল বিদেশি মদ এবং ৪ কেজি গাঁজাসহ মো. ইয়াছিনকে আটক করা হয়।
তিনি জানান, আটক ইয়াছিন চাঁদপুরের মতলব দক্ষিণ থানার দক্ষিণ ডিঙ্গাভাঙ্গা এলাকার কামাল মিয়ার ছেলে।
র্যাবের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াছিন একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য হওয়ার কথা স্বীকার করেছেন। তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে নারায়ণগঞ্জ ও ঢাকার আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিলেন বলে দাবি করা হয়েছে।
র্যাব আরও জানায়, উদ্ধার হওয়া বিদেশি মদ ও গাঁজা জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে মাদক চোরাচালানের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্তে অনুসন্ধান অব্যাহত রয়েছে বলেও জানানো হয়।
লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক বলেন, মাদক নির্মূল এবং যুবসমাজকে মাদকের ভয়াবহ ক্ষতি থেকে রক্ষা করতে র্যাব নিয়মিতভাবে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচএম সালাউদ্দিন বলেন, আটক মো. ইয়াছিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, মাদক কারবারের বিরুদ্ধে সরকারের চলমান অভিযানের অংশ হিসেবে বিভিন্ন এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে।