আন্তর্জাতিক ডেস্ক:
ইন্দোনেশিয়ায় শতাধিক যাত্রী নিয়ে একটি যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে উদ্ধারকারী বাহিনী সময়মতো দুর্ঘটনাস্থলে পৌঁছে যাওয়ায় বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। বুধবার (১২ আগস্ট) স্থানীয় সময় সকালে এই দুর্ঘটনা ঘটে।
আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপির বরাতে জানা যায়, যাত্রীবাহী ফেরিটি ইন্দোনেশিয়ার জনপ্রিয় পর্যটন দ্বীপ বালি থেকে পার্শ্ববর্তী লম্বক দ্বীপের উদ্দেশ্যে রওনা হয়েছিল। কিন্তু সমুদ্রের মাঝপথে হঠাৎ করেই ফেরিটিতে আগুন ধরে যায়।
ইন্দোনেশিয়ার সরকারি অনুসন্ধান ও উদ্ধারকারী সংস্থার লম্বক দ্বীপ শাখার প্রধান নির্বাহী মুহাম্মদ হরিয়াদি জানান, আগুন লাগার খবর পেয়েই দ্রুততম সময়ের মধ্যে উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে পৌঁছায়। তারা তিনটি পৃথক নৌযানের মাধ্যমে প্রথম দফায় ৩০ জন, দ্বিতীয় দফায় ৫৯ জন এবং তৃতীয় দফায় ১৭ জনসহ মোট ১০৬ জন যাত্রীকে নিরাপদ উদ্ধার করে লম্বক দ্বীপে নিয়ে আসেন।
তবে হরিয়াদি স্পষ্ট করেছেন, যাত্রার সময় ফেরিটিতে ঠিক কতজন যাত্রী ছিলেন তার সুনির্দিষ্ট তালিকা উদ্ধারকারী দলের কাছে না থাকায়, সব যাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়েছে কি না সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনাস্থলে একাধিক উদ্ধারকারী নৌযান ও হেলিকপ্টার দিয়ে তল্লাশি চালানো হচ্ছে।
উল্লেখ্য, ১৭ হাজারেরও বেশি দ্বীপ নিয়ে গঠিত রাষ্ট্র ইন্দোনেশিয়া যাতায়াতের জন্য ব্যাপকভাবে নৌপথের ওপর নির্ভরশীল। তবে দুর্বল নিরাপত্তাব্যবস্থা ও বিরূপ আবহাওয়ার কারণে দেশটিতে প্রায়ই মর্মান্তিক ফেরি দুর্ঘটনা ঘটে থাকে।