নিজস্ব প্রতিবেদক:
বিদ্যুৎ সাশ্রয় ও জাতীয় বিদ্যুৎ ব্যবস্থাপনা নিশ্চিত করতে দেশের সব শপিং মল, মার্কেট এবং দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ করার নির্দেশ দিয়েছে সরকার। একই সাথে সন্ধ্যা ৭টার পর থেকে সব ধরনের আলোকিত বিলবোর্ড ও যে কোনো প্রকার আলোকসজ্জা সম্পূর্ণভাবে বন্ধ রাখার বাধ্যবাধকতা দেওয়া হয়েছে।
বুধবার (১২ আগস্ট) রাতে বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে জারি করা এক জরুরি স্মারকে এই নতুন নির্দেশনা দেওয়া হয়।নতুন আদেশ অনুযায়ী, ১২ আগস্ট থেকেই দেশের সব শপিং মল, মার্কেট ও দোকানপাট প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে। এর আগে গত ১১ জুন জারি করা সিদ্ধান্ত অনুযায়ী রাত ৯টা পর্যন্ত মার্কেট খোলা রাখার সুযোগ ছিল। নতুন এই নির্দেশনার ফলে পূর্বের সময়সীমা এক ঘণ্টা কমিয়ে আনা হলো।
স্মারকে আরও উল্লেখ করা হয়, দেশের বিভিন্ন স্থানে চলমান ও অনুষ্ঠিতব্য সব ধরনের মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক আয়োজনের ক্ষেত্রেও এই সময়সীমা কঠোরভাবে প্রযোজ্য হবে এবং অনুষ্ঠানমালা রাত ৮টার মধ্যে সমাপ্ত করতে হবে।
তবে জরুরি জনসেবা নিশ্চিত রাখতে রেস্তোরাঁ ও খাবারের দোকান, হাসপাতাল, ওষুধের দোকানসহ সংশ্লিষ্ট জরুরি সেবাসমূহ এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।
বিদ্যুৎ বিভাগের উপসচিব মো. মামুন ভূঁইয়া স্বাক্ষরিত ওই স্মারকে সংশ্লিষ্ট সকল দপ্তর ও ব্যক্তিবর্গকে অবিলম্বে এই নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।