সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ এলাকায় অনিয়ন্ত্রিতভাবে চলা তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) সুশৃঙ্খল ব্যবস্থাপনার আওতায় আনতে নতুন সমন্বিত নীতিমালা প্রণয়নের জোরালো উদ্যোগ নিয়েছে সরকার। সড়ক নিরাপত্তা, নগরীতে যানজট হ্রাস ও যান চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনতেই এমন পদক্ষেপে জোর দেওয়া হচ্ছে।
আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে আয়োজিত এক উচ্চপর্যায়ের আলোচনা সভায় এ সিদ্ধান্তের কথা জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯’ এবং সম্প্রতি পাস হওয়া ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) আইন, ২০২৬’-এর আলোকে ই-রিকশা ব্যবস্থাপনার কাজ ত্বরান্বিত করা হচ্ছে। তিনি উল্লেখ করেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়মতান্ত্রিকভাবে লাইসেন্স প্রদান ও নিবন্ধনের উদ্যোগ বাস্তবায়িত হলে সরকারের রাজস্ব আয় বৃদ্ধি পাবে, যা একই সঙ্গে নিরাপদ সড়ক নিশ্চিতে ভূমিকা রাখবে। এ লক্ষ্যে সব স্থানীয় সরকার কাঠামোর জন্য একটি সমন্বিত লাইসেন্সিং কর্তৃপক্ষ নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, ই-রিকশা চলাচলে আইনি ভিত্তি দিতে ইতোমধ্যে ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) আইন, ২০২৬’-এর বিভিন্ন ধারা ও তফসিল সংশোধন করা হয়েছে। এর ধারাবাহিকতায় গত বছরের ১৭ ডিসেম্বর গেজেট আকারে ‘সিটি কর্পোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল বিধিমালা, ২০২৫’ প্রকাশিত হয়।
সভায় বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিশেষজ্ঞ অধ্যাপক ড. মো. হাদিউজ্জামান তাঁর প্রযুক্তিগত মতামত তুলে ধরেন। এ সময় স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।