ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬,  ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদ দেখা যায়নি, আগামী ২৬ আগস্ট উদযাপিত হবে ঈদে মিলাদুন্নবী


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৩ আগস্ট, ২০২৬ সময় : ৮:৩৬ পিএম

বাংলাদেশের আকাশে হিজরি ১৪৪৮ সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী ১৫ আগস্ট শনিবার থেকে পবিত্র রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে এবং সেই হিসাবে আগামী ২৬ আগস্ট (বুধবার) সারা দেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হবে


আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠকে এ সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে নেওয়া হয়


উক্ত সভায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ সভাপতিত্ব করেন। এতে দেশের সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে প্রাপ্ত তথ্য ও উপাত্ত পর্যালোচনা করা হয়


জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল শুক্রবার (১৪ আগস্ট) পবিত্র সফর মাস ৩০ দিন পূর্ণ হবে। এরপর শনিবার (১৫ আগস্ট) থেকে রবিউল আউয়াল মাস শুরু হয়ে ১২ রবিউল আউয়াল অর্থাৎ আগামী ২৬ আগস্ট বুধবার উদযাপিত হবে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাত দিবস পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)


পবিত্র এই সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতি মুহাম্মদ মুহিববুল্লাহিল বাকী নদভী, প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক ড. মু. মাহবুবুর রহমান, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম, স্পারসোর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ শহিদুল ইসলামসহ চাঁদ দেখা কমিটির শীর্ষ সদস্য ও বিশিষ্ট উলামায়ে কেরামগণ উপস্থিত ছিলেন


এ সম্পর্কিত আরো খবর