বিএনপি যে প্রতিশ্রুতি দেয়, তা বাস্তবায়ন করে দেখায় উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, নির্বাচনী ইশতেহারে যা ঘোষণা করা হয়, তার চেয়েও বেশি সেবা নিশ্চিত করা দলের অন্যতম বৈশিষ্ট্য।
শনিবার (১৫ আগস্ট) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "বিএনপি প্রতিশ্রুতি দেয় এবং সেই প্রতিশ্রুতি রক্ষা করে। ইশতেহারে ৩১ দফার কথা উল্লেখ থাকলেও বাস্তবায়নের ক্ষেত্রে ৩২ নম্বর বা ৩৩ নম্বর দফাও যুক্ত হয়ে যায়—এরই নাম বিএনপি।"
অবসরপ্রাপ্ত শিক্ষকদের ডিজিটালাইজড সুবিধাপ্রাপ্তির কথা উল্লেখ করে তিনি বলেন, ইশতেহারে সরাসরি এভাবে শিক্ষকদের হাতে অর্থ পৌঁছে দেওয়ার বিষয়টি না থাকলেও সরকার তা নিশ্চিত করেছে। শিক্ষকদের অবসরকালীন সুবিধা প্রদান প্রসঙ্গে তিনি জানান, 'আইবাস++' (iBAS++) পদ্ধতির মাধ্যমে শিক্ষকরা সরাসরি নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে কোনো প্রকার মধ্যস্বত্বভোগী বা ঘুষ ছাড়াই সুবিধাপ্রাপ্তির টাকা পাচ্ছেন। এটি শিক্ষক সমাজের প্রতি বিএনপি সরকারের আন্তরিকতার প্রমাণ।
শিক্ষা ব্যবস্থার টেকসই সংস্কার ও দেশগঠনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা স্মরণ করে তিনি বলেন, দেশে উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থা চালুর মাধ্যমে প্রতিটি শিক্ষার্থীকে কর্মমুখী করে গড়ে তোলার প্রথম উদ্যোগ গ্রহণ করেছিলেন জিয়াউর রহমান। কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষার যে শক্তিশালী ভিত্তি আজ গড়ে উঠেছে, তার সূচনা তৎকালীন সময়েই হয়েছিল।
অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করে সালাহউদ্দিন আহমদ বলেন, শিক্ষকদের অবসরকালীন ভাতার স্থায়ী আইনি কাঠামো ও কল্যাণ ট্রাস্ট গঠনে খালেদা জিয়া ঐতিহাসিক ভূমিকা পালন করেছিলেন। আজ একজন গ্রামের সাধারণ শিক্ষক অবসর গ্রহণের পর এককালীন ৫ থেকে ৭ লাখ টাকা পাচ্ছেন, যা অত্যন্ত সম্মানজনক।
অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তা এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।