বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা নতুন উচ্চতায় নিয়ে যেতে ভারতের শীর্ষ শিল্প সংগঠন কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজের (সিআইআই) একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল আজ ঢাকায় আসছে। দুই দিনের এই গুরুত্বপূর্ণ সফরে সোমবার (১৭ আগস্ট) প্রতিনিধিদলটি রাজধানীতে পৌঁছাবে।
এই সফরে ভারতীয় প্রতিনিধিদলটি বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং শীর্ষ ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআই ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) ঊর্ধ্বতন কর্তাব্যক্তিদের সাথে পৃথক বৈঠক করবেন। সফরকারী দলটির আলোচনায় মূল গুরুত্ব পাবে দুই দেশের মধ্যে বিদ্যমান অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং নতুন বিনিয়োগের ক্ষেত্র তৈরি করা।
সিআইআইয়ের এই প্রতিনিধিদলে ভারতের বিখ্যাত ও বৃহৎ শিল্পপ্রতিষ্ঠানগুলোর নীতি-নির্ধারকরা উপস্থিত থাকবেন। তালিকায় রয়েছে গডরেজ ইন্ডাস্ট্রিজ, অরবিন্দ লিমিটেড, দ্য ইনফ্রাভিশন ফাউন্ডেশন, এলএমডব্লিউ গ্লোবাল, মাহিন্দ্রা গ্রুপ, গডরেজ কনজিউমার প্রোডাক্টস লিমিটেড, লারসেন অ্যান্ড টুব্রো, ফোর্বস মার্শাল, নুমালিগড় রিফাইনারি লিমিটেড, বেক্সিমকো আইওসি পেট্রোলিয়াম লিমিটেড এবং অ্যাপোলো হাসপাতালের শীর্ষ প্রতিনিধিরা।