দায়িত্ব গ্রহণের প্রথম ১৮০ দিনে বিএনপি সরকার দেশের পুরোনো ‘নতজানু পররাষ্ট্রনীতির’ অবসান ঘটিয়েছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন। এখন থেকে বিশ্বমঞ্চে সমতা ও পারস্পরিক ন্যায্যতার ভিত্তিতে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখা হবে এবং দেশের অভ্যন্তরীণ বিষয়ে কারও হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না বলে তিনি জোর দিয়ে জানান।
আজ সোমবার (১৭ আগস্ট) বেলা ১১টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘শাপলা’ হলে বর্তমান সরকারের ৬ মাস (১৮০ দিন) পূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মাহদী আমিন তাঁর বক্তব্যে উল্লেখ করেন, ক্ষমতায় আসার পর জনগণের দেওয়া রায়কে সর্বোচ্চ শ্রদ্ধা জানিয়ে ভোটের কালি শুকানোর আগেই নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন শুরু করেছে সরকার। গত ছয় মাসে সরকারের প্রতিটি গণমুখী পদক্ষেপে জনগণের অভাবনীয় সমর্থন ও আস্থা দেখা গেছে।
দেশের অর্থব্যবস্থা ও প্রশাসনে আনা বিভিন্ন সংস্কারের চিত্র তুলে ধরে তিনি বলেন, বিগত ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনের ধ্বংসস্তূপ থেকে দেশকে নতুন করে গড়ে তোলা হচ্ছে। ইতিমধ্যে দেশে সার্বিক বাকস্বাধীনতা ও মানবাধিকার নিশ্চিত করা হয়েছে, পুলিশ ও প্রশাসনকে করা হয়েছে সম্পূর্ণ রাজনৈতিক হয়রানিমুক্ত। পাশাপাশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে নেওয়া হয়েছে বিনিয়োগবান্ধব নতুন নীতিমালা। গণপরিবহন ব্যবস্থার আধুনিকায়নে ২০০টি নতুন বৈদ্যুতিক বাস (ই-বাস) আনার প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে। তাছাড়া দেশের সামগ্রিক অর্থনৈতিক সংস্কারের পাশাপাশি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য একটি নতুন পে-স্কেল প্রণয়নের কাজও প্রায় চূড়ান্ত করা হয়েছে বলে জানান তিনি।