দায়িত্ব গ্রহণের প্রথম ১৮০ দিনে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান অগ্রগতি ও ইতিবাচক পরিবর্তন সাধিত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা অনুযায়ী দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে আরও সুসংহত ও শক্তিশালী করতে সরকারের কিছুটা সময় প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।
আজ সোমবার (১৭ আগস্ট) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত 'বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫'-এর প্রতিবেদন সংক্রান্ত সুপারিশ প্রণয়ন কমিটির এক বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের ব্রিফিংকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব গুরুত্বপূর্ণ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, সরকারের মাত্র ৬ মাস পূর্ণ হলো। এই সংক্ষিপ্ত সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পেশাদারিত্ব ফিরিয়ে আনা এবং আধুনিকায়নে নানামুখী সংস্কারমূলক উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর ঘোষিত দিকনির্দেশনা ও রূপরেখা অনুসরণ করে এই ১৮০ দিনে অত্যন্ত প্রশংসনীয় ও জনকল্যাণমুখী কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে বিশ্বজুড়ে জ্বালানির মূল্য তীব্রভাবে বৃদ্ধি পেলেও সরকার তাৎক্ষণিকভাবে দেশে জ্বালানি তেলের দাম বাড়ায়নি। বোরো মৌসুমে প্রান্তিক কৃষকদের সুবিধার্থে প্রায় এক মাস মূল্যবৃদ্ধি স্থগিত রেখে পরবর্তীতে সহনীয় পর্যায়ে সমন্বয় করা হয়েছে। এছাড়া দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে মাতারবাড়ীতে পূর্ণাঙ্গ স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল স্থাপন এবং অফশোর-অনশোরে নতুন গ্যাস অনুসন্ধানের কাজ ইতোমধ্যে জোরদার করা হয়েছে।
সামাজিক নিরাপত্তা বেষ্টনী জোরদারের অংশ হিসেবে সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকেই ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফের ঐতিহাসিক সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে। পাশাপাশি সারা দেশে টিসিবির ফ্যামিলি কার্ড ও ফ্যামিলি মেম্বারদের জন্য বিশেষ কৃষক কার্ড প্রদান, মসজিদ-মাদ্রাসার ইমাম ও মুয়াজ্জিনসহ অন্যান্য ধর্মীয় প্রধানদের মাসিক সম্মানী প্রদান এবং ক্রীড়াবিদ ও সংস্কৃতিসেবীদের বিশেষ সম্মাননা নিশ্চিত করা হয়েছে। মন্ত্রী আরও জানান, সরকারের সময়োপযোগী প্রকিউরমেন্ট নীতির কারণে দেশে বর্তমানে খাদ্যের মজবুত ও নিরাপদ মজুত গড়ে তোলা সম্ভব হয়েছে।