ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

দুদকের নতুন চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি আসাদুজ্জামান


  • আপলোড সময় : মঙ্গলবার ১৮ আগস্ট, ২০২৬ সময় : ৯:৪৪ এএম

দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামান। একই সাথে কমিশনের দুই কমিশনার পদে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত সাবেক সচিব ড. জাহাঙ্গীর আলম খান এবং ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) সাবেক চেয়ারম্যান ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া। সোমবার (১৭ আগস্ট) মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সই করা এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়।


মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ধারা ৭-এর উপধারা (১)-এর বিধান অনুযায়ী বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে কমিশনের চেয়ারম্যান এবং ড. জাহাঙ্গীর আলম খান ও ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়াকে কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।


দুদক আইন, ২০০৪-এর ধারা ১৩-এর বিধান অনুযায়ী নতুন চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের বেতন, ভাতা, অন্যান্য সুবিধা ও পদমর্যাদা সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারকের সমরূপ হবে। অন্যদিকে কমিশনার ড. জাহাঙ্গীর আলম খান ও ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়ার বেতন, ভাতা ও অন্যান্য সুবিধা হাইকোর্ট বিভাগের বিচারকের সমরূপ নির্ধারণ করা হয়েছে। এর আগে সোমবার বিকেলে সরকারের গঠন করা সার্চ কমিটি তিনজনের নাম চূড়ান্ত করে সরকারের কাছে তাদের সুপারিশসহ প্রতিবেদন জমা দেয়।


নতুন দুদক চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি। তিনি ২০২৬ সালের ফেব্রুয়ারিতে আপিল বিভাগ থেকে অবসর গ্রহণ করেন। এর আগে তিনি দীর্ঘকাল হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২৫ সালের ২৫ মার্চ সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে তিনি হাইকোর্ট বিভাগ থেকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছিলেন।


১৯৫৯ সালের ১ মার্চ জন্মগ্রহণকারী বিচারপতি আসাদুজ্জামান রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ১৯৮৩ সালে তিনি জেলা আদালতের আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে ১৯৮৫ সালে হাইকোর্ট বিভাগ এবং ২০০১ সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০৩ সালের ২৭ আগস্ট হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান তিনি এবং ২০০৫ সালের ২৭ আগস্ট হাইকোর্টের বিচারপতি হিসেবে স্থায়ী হন।


কমিশনার হিসেবে নিয়োগ পাওয়া ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর কমিশনার। তিনি অন্তর্বর্তী সরকারের সময়ে অর্থ মন্ত্রণালয়ের অধিভুক্ত ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছিলেন। অপর কমিশনার ড. জাহাঙ্গীর আলম খান ১৯৮৫ ব্যাচের সাবেক সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।


গত ৩ মার্চ দুদকের সাবেক চেয়ারম্যানসহ তিন কমিশনার পদত্যাগ করলে নতুন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু হয়। নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে মন্ত্রিপরিষদ সচিবকে সদস্যসচিব করে একটি সার্চ কমিটি গঠন করা হয়। কমিটি ছয় দফা বৈঠক করে সম্ভাব্য প্রার্থীদের জীবনবৃত্তান্ত ও যোগ্যতা যাচাই-বাছাই শেষে এই তিনজনের নাম সুপারিশ করে।


২০০৪ সালের ২১ নভেম্বর প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত দুদকের মোট সাতটি কমিশন দায়িত্ব পালন করেছে। রাজনৈতিক পরিবর্তন ও বিভিন্ন জটিলতার কারণে মাত্র তিনটি কমিশন পূর্ণ মেয়াদ শেষ করতে পেরেছিল। দীর্ঘদিন শীর্ষ পদগুলো খালি থাকায় দুদকের অনুসন্ধান, তদন্ত, মামলা দায়ের ও অন্যান্য নীতিনির্ধারণী সিদ্ধান্ত আটকে ছিল। নতুন কমিশন গঠনের মাধ্যমে এসব স্থবিরতা কাটিয়ে সংস্থায় গতি ফিরবে বলে আশা করা হচ্ছে।


এ সম্পর্কিত আরো খবর