পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজের পরিধি, ব্যস্ততা এবং গতি আগের যেকোনো সময়ের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে। মন্ত্রণালয়ের কাজের সুবিধার্থে এবং গতি আরও বেগবান করার লক্ষ্যেই সরকার এখানে দুজন প্রতিমন্ত্রী নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
শনিবার (২২ আগস্ট) রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘পলিটিক্স ল্যাব: বাংলাদেশে তরুণ নারীদের রাজনৈতিক নেতৃত্বের ক্ষমতায়ন’ শীর্ষক ডায়ালগ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুজন প্রতিমন্ত্রী প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, গত ছয় মাসে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিগত ১৭ বছরের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি কাজ হয়েছে। ইতোমধ্যে নতুন ৩টি উইং চালু করা হয়েছে এবং প্রবাসী কল্যাণ, সংস্কৃতি, শ্রম ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আন্তঃমন্ত্রণালয় ফোকাল পয়েন্ট কমিটি গঠন করা হয়েছে, যা আগে ছিল না।
তিনি আরও জানান, পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) সভাপতি নির্বাচিত হওয়ায় আগামী এক বছর অত্যন্ত ব্যস্ত থাকবেন। ফলে কাজের সুবিধার্থে টিমওয়ার্ক হিসেবে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করা হবে।
মক্কা প্যাক্ট ও বিভিন্ন বহুপাক্ষিক সংস্থায় যুক্ত হওয়া প্রসঙ্গে তিনি স্পষ্ট করেন, যেকোনো জোটে যুক্ত হওয়ার ক্ষেত্রে বাংলাদেশের ও তার জনগণের স্বার্থই প্রধান বিবেচ্য বিষয়। বিদেশি কোনো সংবাদমাধ্যমের খবরে প্রভাবিত না হয়ে সরকার দেশের স্বার্থ দেখে নিজস্ব সিদ্ধান্ত নেবে এবং তা গণমাধ্যমকে জানানো হবে।
উল্লেখ্য, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকেও শুক্রবার প্রজ্ঞাপনের মাধ্যমে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দিয়েছে সরকার।