ঢাকা মেট্রোপলিটন এলাকায় সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়ে বলেন, অপরাধীদের বিরুদ্ধে সময়মতো ব্যবস্থা নিতে যেসব পুলিশ কর্মকর্তা ব্যর্থ হবেন, তাদের বিরুদ্ধেও আইনানুগ ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
শনিবার (২২ আগস্ট) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীদের নির্মম হামলার শিকার চিকিৎসক আসাদুর রহমানকে দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।
সারাদেশে চাঁদাবাজদের তালিকা তৈরি করা হচ্ছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শুধু পেশাদার চাঁদাবাজদেরই নয়, যেসব অসাধু পুলিশ সদস্য এ ধরনের অপকর্ম বা অপরাধীদের সহযোগিতার সঙ্গে জড়িত, তাদেরও পৃথক তালিকা তৈরি করা হচ্ছে। কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।
চিকিৎসকের ওপর হামলার ঘটনার সর্বশেষ অগ্রগতি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ডা. আসাদুর রহমানের ওপর হামলার ঘটনায় জড়িত সাতজনের অপরাধী চক্রটির মধ্যে ইতোমধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের দ্রুত গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর চিরুনি অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নাক, কান ও গলা (ইএনটি) বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানের ওপর গত সোমবার (১৭ আগস্ট) সন্ত্রাসীরা হামলা চালায়। চাঁদা না পেয়ে তাঁর ওপর এই হামলা চালানো হয় বলে জানা গেছে। গুরুতর আহত অবস্থায় বর্তমানে ওই চিকিৎসক ঢামেক হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।