ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৬ অগাস্ট ২০২৬,  ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কাবিননামায় আগের বিয়ে ও সন্তানের তথ্য বাধ্যতামূলক করার দাবিতে হাইকোর্টে রিট


  • আপলোড সময় : মঙ্গলবার ২৫ আগস্ট, ২০২৬ সময় : ৪:১৩ পিএম

বিয়েতে তথ্য গোপন ও প্রতারণা রোধে কাবিননামায় বর ও কনে উভয়ের আগের ও বিদ্যমান বিয়ে, সন্তান এবং সরকারি পরিচয়পত্রের তথ্য উল্লেখ বাধ্যতামূলক করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান জনস্বার্থে এই রিট আবেদনটি করেন। রিটে আইন ও বিচার বিভাগের সচিব, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব এবং নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শককে (আইজিআর) বিবাদী করা হয়েছে।

রিট আবেদনে উল্লেখ করা হয়, বর্তমানে প্রচলিত বাংলাদেশ ফরম নম্বর ১৬০১ বা ‘ফরম ঘ’-কাবিননামায় বর ও কনে উভয়ের আগের ও বিদ্যমান বিয়ে, সাবেক স্বামী বা স্ত্রী, বিয়ে ও তালাক নিবন্ধনের তথ্য, সন্তান এবং আগের সম্পর্ক থেকে সৃষ্ট ভরণপোষণ ও অভিভাবকত্বসহ চলমান আইনগত দায়দায়িত্ব সমভাবে প্রকাশ ও যাচাইয়ের কোনো কার্যকর ব্যবস্থা নেই। বর্তমান কাবিননামায় কেবল বরের বিদ্যমান স্ত্রী এবং সালিশি পরিষদের অনুমতির বিষয়ে সামান্য কিছু তথ্য চাওয়া হয়, তবে তার আগের সব বিয়ে, তালাক, সাবেক স্ত্রী ও সন্তানদের পূর্ণাঙ্গ তথ্য উল্লেখের কোনো বাধ্যবাধকতা রাখা হয়নি। একইভাবে কনের ক্ষেত্রেও পূর্ববর্তী বৈবাহিক ইতিহাস যাচাইয়ের সমতাভিত্তিক ব্যবস্থা অনুপস্থিত রয়েছে।

আবেদনে আরও বলা হয়, এসব গুরুত্বপূর্ণ তথ্য গোপন করে পুনরায় বিয়েতে আবদ্ধ হওয়ার সুযোগ থাকায় সমাজে প্রতিনিয়ত প্রতারণা ও জটিল পারিবারিক বিরোধের সৃষ্টি হচ্ছে। এর ফলে বিয়ের সিদ্ধান্ত গ্রহণকারী ব্যক্তি একটি স্বাধীন ও পূর্ণাঙ্গ তথ্যভিত্তিক সিদ্ধান্ত নেওয়ার মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। একই সঙ্গে এর মাধ্যমে বিদ্যমান স্বামী বা স্ত্রী এবং সন্তানদের আইনগত অধিকারও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

রিটে কাবিননামা সংশোধন করে বর ও কনে উভয়ের আগের ও বিদ্যমান সব বিয়ের বিস্তারিত তথ্য, পূর্ববর্তী বা বিদ্যমান বিয়ের সন্তানদের তথ্য, চলমান ভরণপোষণ, অভিভাবকত্ব ও অন্যান্য আইনগত দায়দায়িত্ব এবং জন্মনিবন্ধন, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অথবা পাসপোর্ট নম্বর অন্তর্ভুক্ত ও তা যাচাইযোগ্য করার স্পষ্ট নির্দেশনা চাওয়া হয়েছে।

এ ছাড়া এসব গুরুত্বপূর্ণ তথ্য অন্তর্ভুক্ত না করে কাবিননামা হালনাগাদে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ও বেআইনি ঘোষণা করা হবে না এবং নাগরিকদের সম্মানজনক পারিবারিক জীবন সুরক্ষায় কেন ফরমটি সংশোধনের নির্দেশ দেওয়া হবে না—এ মর্মে রুল জারির আবেদন জানানো হয়েছে।


এ সম্পর্কিত আরো খবর