ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৬ অগাস্ট ২০২৬,  ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

৪৮তম বিসিএসে আরও ১৮৪ চিকিৎসকের নিয়োগ


  • আপলোড সময় : মঙ্গলবার ২৫ আগস্ট, ২০২৬ সময় : ৮:০৮ পিএম

৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষার মাধ্যমে আরও ১৮৪ জন চিকিৎসককে নিয়োগ দিয়েছে সরকার। নিয়োগপ্রাপ্তদের মধ্যে ১৬৫ জন সহকারী সার্জন এবং ১৯ জন সহকারী ডেন্টাল সার্জন রয়েছেন। মঙ্গলবার (২৫ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫-এর মাধ্যমে বাংলাদেশ সিভিল সার্ভিসের স্বাস্থ্য ক্যাডারের প্রবেশ পদে এসব চিকিৎসককে নিয়োগ দেওয়া হয়েছে। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের ভিত্তিতে স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন শেষে তাদের নিয়োগ দেওয়া হয়।

নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা বেতনক্রমে নিয়োগ দেওয়া হয়েছে। তাদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ নির্ধারিত কার্যালয়ে যোগ দিতে হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন নিয়োগ পাওয়া চিকিৎসকদের আগামী ৭ সেপ্টেম্বরের মধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে কেউ যোগদান না করলে সংশ্লিষ্ট প্রার্থী চাকরিতে যোগদানে সম্মত নন বলে গণ্য হবেন। এ ক্ষেত্রে তার নিয়োগপত্র বাতিল বলে বিবেচিত হবে।

নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের দুই বছর শিক্ষানবিশ হিসেবে দায়িত্ব পালন করতে হবে। এ সময়ে তাদের বুনিয়াদি ও পেশাগত প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে। প্রয়োজন মনে করলে সরকার শিক্ষানবিশকাল সর্বোচ্চ আরও দুই বছর বাড়াতে পারবে।

শিক্ষানবিশকালীন সময়ে কোনো চিকিৎসক চাকরিতে বহাল থাকার অনুপযোগী হিসেবে বিবেচিত হলে তাকে কোনো কারণ দর্শানো ছাড়াই চাকরি থেকে অপসারণ করা হতে পারে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

নিয়োগপ্রাপ্তদের বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) অথবা সরকার নির্ধারিত অন্য কোনো প্রশিক্ষণ প্রতিষ্ঠানে বুনিয়াদি প্রশিক্ষণ নিতে হবে। চাকরিতে যোগদানের সময় তাদের ৩০০ টাকার নন-জুডিসিয়াল স্ট্যাম্পে নির্ধারিত বন্ড দিতে হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, শিক্ষানবিশকাল শেষ হওয়ার পর তিন বছরের মধ্যে চাকরি ছেড়ে দিলে প্রশিক্ষণের জন্য সরকারের ব্যয় করা অর্থ সংশ্লিষ্ট চিকিৎসককে ফেরত দিতে হবে। এ ছাড়া চাকরিতে যোগদানের সময় নিয়োগপ্রাপ্তদের সম্পত্তির হিসাব বিবরণী জমা দিতে হবে।

একই সঙ্গে যৌতুক না নেওয়ার অঙ্গীকারনামাও দাখিল করতে হবে। নিয়োগের অন্যান্য শর্ত ও বিধিবিধান প্রজ্ঞাপনে নির্ধারিত নিয়ম অনুযায়ী কার্যকর হবে।

এর আগে ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষার প্রথম প্রজ্ঞাপন গত ২২ জানুয়ারি জারি করা হয়। ওই দফায় বিভিন্ন ক্যাডার পদে ৩ হাজার ২৬৩ জনকে নিয়োগ দেওয়া হয়েছিল।

২০২৫ সালের ১১ সেপ্টেম্বর ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ওই ফলাফলে সহকারী সার্জন পদে ২ হাজার ৮২০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জনকে মনোনয়ন দেওয়া হয়েছিল।

নতুন করে ১৮৪ জন চিকিৎসকের নিয়োগের মধ্য দিয়ে ৪৮তম বিসিএস (বিশেষ) থেকে সরকারের স্বাস্থ্য ক্যাডারে আরও চিকিৎসক যুক্ত হলেন। তাদের যোগদানের পর সরকারি স্বাস্থ্যসেবায় চিকিৎসকের জনবল আরও বাড়বে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।


এ সম্পর্কিত আরো খবর