স্টাফ রিপোর্টার, বগুড়া
মানবিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার সামাজিক ন্যায়বিচার ও কল্যাণমূলক রাষ্ট্র গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। রাষ্ট্রের সার্বিক উন্নয়নের সুফল যেন সমাজের প্রান্তিক জনগোষ্ঠী, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি এবং কোমলমতি শিক্ষার্থীরা সমানভাবে ভোগ করতে পারে, সরকার সেই লক্ষ্যে কাজ পরিচালনা করছে।
বুধবার বগুড়ার শিবগঞ্জ উপজেলা চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সরকারের জনকল্যাণমূলক কর্মসূচির অংশ হিসেবে শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের মাঝে হুইল চেয়ার, ছাত্রীদের মাঝে বাইসাইকেল, শিক্ষার্থীদের মাঝে ফলজ, ঔষধি ও বনজ বৃক্ষ বিতরণ এবং নতুন কুঁড়ি চ্যাম্পিয়নদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শিক্ষা ও সামাজিক সুরক্ষার ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, একজন শিক্ষার্থীর হাতে একটি বাইসাইকেল পৌঁছে দেওয়া কেবল একটি বাহন তুলে দেওয়া নয়, বরং এটি তার শিক্ষাজীবনকে আরও সহজ, নিরাপদ ও গতিশীল করার বিশেষ উদ্যোগ। একইভাবে সমাজের বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের হাতে হুইল চেয়ার তুলে দেওয়া তাদের স্বাভাবিক চলাচলের স্বাধীনতা, আত্মবিশ্বাস ও মানবিক মর্যাদা নিশ্চিত করার একটি বড় দায়িত্ব।
মীর শাহে আলম উল্লেখ করেন, সরকার শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পরিবেশ সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে পরিকল্পনা বাস্তবায়ন করছে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে। তাই তাদের মানসম্মত পড়াশোনার পাশাপাশি পরিবেশের প্রতি যত্নশীল ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলা অত্যন্ত প্রয়োজন।
তিনি আরও জোর দিয়ে বলেন, সরকার কেবল অবকাঠামোগত উন্নয়নের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং মানুষের সার্বিক জীবনমানের গুণগত উন্নয়নকেও সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। সমাজের কোনো মানুষ যেন কোনোভাবে নিজেকে অবহেলিত বা পিছিয়ে পরা মনে না করেন, সে জন্য রাষ্ট্রের পক্ষ থেকে সব ধরনের বৈষম্যহীন সহযোগিতা ও সুবিধা প্রদান অব্যাহত থাকবে।
শিবগঞ্জ উপজেলা চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তব্য প্রদান শেষে শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে স্থানীয় ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের হাতে ছাত্রীদের জন্য স্যানিটারি ন্যাপকিন তুলে দেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এর পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পুনর্বাসনের অংশ হিসেবে তাদের মাঝে ঢেউটিন ও নগদ আর্থিক সহায়তা বিতরণ করা হয়।