ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার

ফ্যাসিবাদ পুনর্বাসন ঠেকাতে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর


  • আপলোড সময় : বুধবার ২৬ আগস্ট, ২০২৬ সময় : ৪:৫৭ পিএম

ফ্যাসিবাদ যাতে দেশে আবারও পুনর্বাসিত হতে না পারে এবং কেউ যেন নতুন করে ফ্যাসিস্ট হয়ে না ওঠে, সে জন্য একটি সুনির্দিষ্ট রোডম্যাপ তৈরির আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি স্পষ্ট করে বলেছেন, ‘শুধু বিরোধিতার জন্য বিরোধিতা নয়। যারা অন্যায় ও হত্যাকাণ্ড দেখেও চোখ বন্ধ করে রয়েছেন, তাদের চোখ খুলতে হবে। সবাইকে নিজ নিজ জায়গা থেকে দায়িত্ববোধ নিয়ে দেশ গড়ার কাজে এগিয়ে আসতে হবে।’

বুধবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানীর বনানীর হোটেল শেরাটনে ইনস্টিটিউট অব হযরত মোহাম্মদ (সা.) আয়োজিত দৃষ্টিপ্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী বলেন, অন্ধকে আলো দেওয়ার মতো মহৎ কাজ আর কিছু হতে পারে না। ইনস্টিটিউট অব হযরত মোহাম্মদ (সা.) দীর্ঘদিন ধরে দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিভা বিকাশে কাজ করছে। পাশাপাশি তিন বছর আগে তারা তৃতীয় লিঙ্গের ব্যক্তিদেরও এ কার্যক্রমের অন্তর্ভুক্ত করেছে, যা অত্যন্ত প্রশংসনীয়। তারাও মানুষ এবং সমাজে তাদেরও সমান অধিকার রয়েছে।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, সমাজে যাদের চোখে আলো রয়েছে, তাদের নিয়ে রাষ্ট্র সব সময় ব্যস্ত থাকে। কিন্তু যাদের চোখের আলো নিভে গেছে, তাদের ব্যাপারে রাষ্ট্রীয় মনোযোগ খুব বেশি থাকে না। আমরা দেখতে পাই না বলেই কিছু প্রতিষ্ঠান স্বেচ্ছায় সামনে এগিয়ে এসেছে। এই প্রতিষ্ঠানটি নীরবে-নিভৃতে এক শ্রেণির মানুষকে স্বাবলম্বী করে মেরুদণ্ড সোজা করে দাঁড় করানোর যে চেষ্টা করছে, তার গুরুত্ব অনেক। এই শুভকাজের পরিধি বাড়াতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পাশে থাকা উচিত মন্তব্য করে তিনি জানান, তিনি নিজে সমাজকল্যাণমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে কথা বলবেন।

দেশের মানুষের দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তুলে মো. আসাদুজ্জামান বলেন, দেশের অধিকাংশ মানুষের চোখে আলো থাকলেও যাদের দেশ গঠন ও মানবিক মূল্যবোধ নিয়ে কথা বলার কথা, তাদের অনেকে মানুষের মৌলিক অধিকার দেখতে পাচ্ছেন না। তারা আত্মকেন্দ্রিকতায় ভুগছেন। অনুষ্ঠানে আসা দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের মুখে সততা ও মানবিকতার ছাপ দেখা গেলেও সমাজে আলো থাকা অনেক মানুষ অন্যায় ও অধিকার হরণ দেখতে পান না।

২০২৪ সালের জুলাই আন্দোলনের নির্মমতা স্মরণ করে আইনমন্ত্রী বলেন, ‘জুলাই বিপ্লবের সময় মাত্র ২০ দিনে পাখির মতো গুলি করে প্রায় ১ হাজার ৪০০ মানুষকে রাস্তায় হত্যা করা হয়েছে। প্রায় ৩০০ মানুষ হাত, পা কিংবা মাথা হারিয়েছেন।’ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর প্রসঙ্গ টেনে তিনি জানান, তাঁর মাথার একটি অংশ নেই। অথচ এত বড় ঘটনার পরও অনেকে বলছেন কিছুই হয়নি। রাতের অন্ধকারে ক্রসফায়ারের নামে মানুষকে হত্যা করা হয়েছে, অনেকের স্বজন এখনো নিখোঁজ, যা দেখেও সমাজ নীরব।

যারা ফ্যাসিস্টদের পুনর্বাসনের চেষ্টা করছেন, তাদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের সংবিধানের ২১ অনুচ্ছেদ অনুযায়ী অপরাধ ধরে দেওয়া নাগরিকের নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব। বিবেকের জায়গা থেকে কাজ করতে গিয়ে ভুল হতে পারে, তবে তা সংশোধন করে এগিয়ে যেতে হবে।’

তিনি আরও বলেন, জননী ও জন্মভূমির চেয়ে আপন কিছু হতে পারে না। এমন একটি বাংলাদেশের পথে আমাদের হাঁটতে হবে, যেখানে স্বাধীনতা, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠিত থাকবে। ফ্যাসিবাদ পুনর্বাসন ঠেকাতে রোডম্যাপ তৈরির আহ্বান জানানোর পাশাপাশি তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার কাজে মনোনিবেশ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত, হামদ-নাত ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে বিশেষ অতিথি হিসেবে সুপ্রিম কোর্টের বিচারপতি ফয়েজ আহমেদ, লেফটেন্যান্ট জেনারেল (অব.) এম নুরউদ্দিন খানসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


এ সম্পর্কিত আরো খবর