নেপালের রাসুয়া জেলার হাক্কু-২১৬ এলাকায় টানেলে বিষাক্ত কাদামাটি ও পানি ঢুকে ৩০০ থেকে ৪০০ জন নির্মাণশ্রমিক আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ভয়াবহ ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতির কারণে উদ্ধারকারী দলগুলোর পক্ষেও টানেলের ভেতরে যাওয়া কঠিন হয়ে পড়েছে।
শনিবার (২৯ আগস্ট) নেপাল মাউন্টেনিয়ারিং অ্যাসোসিয়েশন (এনএমএ) এই আশঙ্কাজনক তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।
এনএমএ জানায়, আটকে পড়া শ্রমিকদের কাছে পৌঁছাতে এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে উদ্ধারপ্রধান বিক্রম কার্কির নেতৃত্বে একটি বিশেষ দল টানেল ১, ২ ও ৩ এলাকায় পাঠানো হয়েছিল। কিন্তু প্রবেশমুখে প্রচুর কাদা ও পাহাড়ি পানি জমে থাকায় চরম ঝুঁকির কারণে দলটি সামনে এগোতে ব্যর্থ হয়।
সংগঠনটির তথ্যানুযায়ী, সেখানে অন্তত ৩০০ থেকে ৪০০ জন শ্রমিক আটকা পড়ে থাকতে পারেন, যাদের অনেকের সঙ্গেই গত তিন দিন ধরে সব ধরণের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
পরিস্থিতি মোকাবিলায় অতি দ্রুত বিশেষায়িত ও অত্যাধুনিক উদ্ধার অভিযান চালানোর তাগিদ দিয়েছে সংস্থাটি। সে উদ্দেশ্যে উচ্চক্ষমতাসম্পন্ন পানিনিষ্কাশন পাম্প, কাদা সরানোর ভারী যন্ত্রপাতি, উন্নত শনাক্তকরণ সরঞ্জাম, আধুনিক শ্বাস-প্রশ্বাসের যন্ত্র এবং পর্বতারোহণ ও গুহা উদ্ধারে অভিজ্ঞ বিশেষজ্ঞদের অবিলম্বে মোতায়েনের আহ্বান জানানো হয়েছে।
এনএমএর মহাসচিব রাজেন্দ্র বাহাদুর লামা জানান, সরকারি সংস্থা ও দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করতে তাদের উদ্ধারকারী দল সব সময় প্রস্তুত রয়েছে। শ্রমিকদের জীবন রক্ষায় প্রতিটি মুহূর্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে সংস্থাটি।