দীর্ঘদিন একে অপরের চিরপ্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে লড়াই করেছেন। স্প্যানিশ ক্লাব ফুটবলে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের হয়ে তাদের দ্বৈরথ দেখেছে পুরো বিশ্ব। তবে সময়ের পরিক্রমায় সেই চিরচেনা প্রতিদ্বন্দ্বী এখন পরিণত হয়েছেন সতীর্থতে। বলছিলাম লিওনেল মেসি এবং কাসেমিরোর কথা। একটা সময় প্রতিপক্ষ দলে থেকে লিওনেল মেসির চমৎকারিত্ব দেখেছেন কাসেমিরো, আর এখন দেখছেন ইন্টার মায়ামির সতীর্থ হিসেবে। সম্প্রতি সিএফ মন্ট্রিলের বিপক্ষে ইন্টার মায়ামির ৭-১ গোলের বিশাল জয়ে আর্জেন্টাইন ফরোয়ার্ডকে একাই চার গোল করতে দেখে নতুন করে অভিভূত হয়েছেন এই ব্রাজিলিয়ান তারকা মিডফিল্ডার।
মায়ামি সতীর্থকে নিয়ে প্রশংসনীয় কথা বলতে গিয়ে কাসেমিরো জোর দিয়ে বলেন, আর্জেন্টাইন অধিনায়ক এখনও বিশ্বের সেরা খেলোয়াড়। যার অকাট্য প্রমাণ তিনি দিয়েছেন ২০২৬ বিশ্বকাপেও। ফুটবল মাঠে মেসির প্রভাব নিয়ে কথা বলতে গিয়ে কাসেমিরো বলেন, ‘মেসি দলে থাকা মানেই হলো ভিন্ন কিছু। আমাদের এই মুহূর্তগুলো উপভোগ করতে হবে। কারণ সে এমন একজন মানুষ ও খেলোয়াড়, যে সবসময় ইতিহাস তৈরি করে। আজ আমরা মাঠে যা দেখলাম, আমাদের অবশ্যই তা উপভোগ করতে হবে এবং তাকে সমর্থন করে যেতে হবে।’
মাঠে একসময় মেসিকে আটকানোর গুরুদায়িত্ব থাকত কাসেমিরোর কাঁধে। অথচ আজ সেই মেসিকে বিশ্বসেরা বলতে এতটুকুও বাধেনি তার। মায়ামির হয়ে নিজের প্রথমবার গোল করার পর তিনি মেসির প্রসঙ্গে বলেন, ‘তার সঙ্গে সবাইকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে, কারণ সে এখনও বিশ্বের সেরা। বিশ্বকাপে সেটার দারুণ প্রমাণ দিয়েছে সে। তার সঙ্গে আমাদের প্রতিটি মুহূর্ত উপভোগ করতে হবে, কারণ তাকে দলে পেয়ে আমরা সত্যিই অনেক বেশি শক্তিশালী।’
ম্যানচেস্টার ইউনাইটেডে (ম্যানইউ) চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর ফ্রি ট্রান্সফারে এই গ্রীষ্মেই যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেন কাসেমিরো। এমএলএস (মেজর লিগ সকার) দলটির হয়ে এখন পর্যন্ত ৯টি ম্যাচ খেলেছেন এই ব্রাজিলিয়ান তারকা, যার মধ্যে ছয়টিতেই মাঠে ছিলেন মেসির পাশে। অথচ ক্লাব পর্যায়ে বছরের পর বছর আর্জেন্টাইন জাদুকরের সঙ্গে চরম প্রতিদ্বন্দ্বিতা ছিল তার। যখন দুজনে খেলতেন স্পেনের শীর্ষ দুই ক্লাব বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদে। ক্লাব ও দেশের হয়ে তারা একে অপরের মুখোমুখি হয়েছেন মোট ২০ বার। যেখানে দুজনেই আটটি করে ম্যাচ জিতেছেন এবং ড্র দেখেছেন বাকি চার ম্যাচে। একসময়ের সেই মাঠের স্নায়ুক্ষয়ী লড়াই এখন মায়ামিতে পরিণত হয়েছে দারুণ এক সখ্যে।