দেশে দিন দিন বেড়েই চলেছে প্রাণঘাতী ডেঙ্গুর প্রকোপ। গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১ হাজার ৯৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, যা এ বছরের মধ্যে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। একই সময়ে এই মশাবাহিত রোগে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। রোববার (৩০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, নতুন ৩ জনের মৃত্যু নিয়ে চলতি বছর সারাদেশে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৩ জনে। পরিসংখ্যানে দেখা যায়, বছরের বাকি মাসগুলোর তুলনায় শেষ কয়েক মাসে ডেঙ্গুর প্রভাব তীব্র হয়েছে। শুধু চলতি আগস্ট মাসেই মারা গেছেন ৩৯ জন। এর আগে জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে ১ জন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ২ জন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়।
বুলেটিনে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় নতুন রোগী ভর্তি হয়েছেন ১ হাজার ৯৭ জন। এ নিয়ে চলতি বছরে সারাদেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ হাজার ৬৮৩ জনে। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতাল থেকে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৭৯৩ জন। এ নিয়ে এ বছর মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২ হাজার ১৮৮ জন।
বিভাগওয়ারী তথ্যে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে সবচেয়ে বেশি আক্রান্ত ও ভর্তি রোগী পাওয়া গেছে ঢাকা বিভাগে, যেখানে ৪৫৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া খুলনা বিভাগে ২৪৩ জন, বরিশালে ১২৩ জন, চট্টগ্রামে ১১৬ জন, ময়মনসিংহে ৮১ জন এবং রাজশাহী বিভাগে ৭৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন।