ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার

অর্থনীতি ও দক্ষ মানবসম্পদ উন্নয়নে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ ও ইতালি: ড. আবদুল মঈন খান


  • আপলোড সময় : সোমবার ০৭ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৪:৪২ পিএম

বাংলাদেশ ও ইতালির দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করে অর্থনীতি, কর্মসংস্থান সৃষ্টি, দক্ষ মানবসম্পদ উন্নয়ন, অবৈধ অভিবাসন প্রতিরোধ, ভাষা শিক্ষা প্রসার এবং আধুনিক নগর ব্যবস্থাপনাসহ পারস্পরিক সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রে যৌথভাবে কাজ করার ওপর জোর দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।


আজ সোমবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রীর নিজস্ব কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রোর সঙ্গে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের সৌজন্য সাক্ষাৎকালে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয নিয়ে বিশদ আলোচনা হয়। ওই গুরুত্বপূর্ণ বৈঠকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন।


বৈঠকে স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান উল্লেখ করেন যে, দুই দেশের সম্পর্ক ঐতিহাসিক বন্ধুত্ব ও সুদৃঢ় সহযোগিতার ভিত্তির ওপর গড়ে উঠেছে। বর্তমান প্রেক্ষাপটে এই কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে যৌথ উদ্যোগে নতুন নতুন সম্ভাবনাময় ক্ষেত্র চিহ্নিত করা অত্যন্ত প্রয়োজন।


অর্থনৈতিক সম্পর্ক জোরদারের পাশাপাশি দক্ষ জনশক্তি গঠন এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে দুই দেশ নিবিড়ভাবে কাজ করতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বিশেষ করে অবৈধ অভিবাসন রোধে ব্যাপক জনসচেতনতা তৈরির ওপর জোর দিয়ে মন্ত্রী বলেন, ঝুঁকিপূর্ণ ও অবৈধ পথে প্রবাসে যাত্রা বন্ধ করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারি সংস্থার সমন্বিত ভূমিকা জরুরি। নিরাপদ এবং আইনি পথ অনুসরণের বার্তা জনগণের মাঝে কার্যকরভাবে পৌঁছে দেওয়ার ওপর তিনি বিশেষ গুরুত্ব দেন।


দক্ষ জনশক্তি রপ্তানির গতি বাড়াতে ইতালীয় ভাষাগত দক্ষতার প্রয়োজনীয়তা তুলে ধরে মন্ত্রী ইতালীয় ভাষা শিক্ষা কার্যক্রম সম্প্রসারণে ইতালির সক্রিয় সহযোগিতা কামনা করেন। এ সময় বাংলাদেশে দক্ষ প্রশিক্ষক তৈরি এবং ইতালিতে কর্মসংস্থানে আগ্রহীদের জন্য বিশেষ ভাষাগত প্রশিক্ষণের ব্যবস্থা করার বিষয়টি নিয়েও ফলপ্রসূ আলোচনা হয়।


সাক্ষাৎকালে ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক অবকাঠামোগত উন্নয়নে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অগ্রণী ভূমিকার প্রশংসা করেন এবং দ্বিপাক্ষিক সহযোগিতা আরও বিস্তৃত করতে তাঁর দেশের আগ্রহ প্রকাশ করেন।


বৈঠক শেষে অনুষ্ঠিত সংবাদ ব্রিফিংয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, বর্তমানে ইতালিতে প্রায় আড়াই লাখ প্রবাসী বাংলাদেশি বসবাস করছেন। ভাষাগত প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে বৈধ উপায়ে জনশক্তি পাঠানোর সুযোগ বাড়াতে বৈঠকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।


এছাড়া ইতালির মিলান সিটির সঙ্গে খুলনা সিটি করপোরেশনের খাদ্য নিরাপত্তা ও খাদ্য অপচয় রোধে যৌথ প্রকল্প গ্রহণ, স্থানীয় স্থপতিদের বিশেষ প্রশিক্ষণ প্রদান এবং দুই দেশের ব্যবসা-বাণিজ্য ও রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির সম্ভাবনা নিয়ে ইতিবাচক কথা হয়েছে। উক্ত দ্বিপাক্ষিক বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ শহীদুল হাসান এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব ড. রফিকুল ই মোহামেদ সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর