সাতক্ষীরার পাটকেলঘাটায় বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশন থেকে প্রায় অর্ধ শতাধিক নেতাকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলে যোগদান করেছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় পাটকেলঘাটা মহাসিন মার্কেটে যুবদল কার্যালয়ে এ যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নবাগত নেতাকর্মীদের ফুলের মালা পরিয়ে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলে বরণ করে নেওয়া হয়। এ সময় মুঠোফোনে যুক্ত হয়ে কথা বলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। তিনি নবাগত নেতাকর্মীদের স্বাগত জানিয়ে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন অগ্রযাত্রায় আপনাদের স্বাগত জানানো হলো।
আশা করি দেশ ও মানুষের কল্যাণে বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন এবং দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে সততা ও নীতির সঙ্গে শ্রমিক দলের কার্যক্রমকে এগিয়ে নিতে হবে।
যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল তালা উপজেলা শাখার সাধারণ সম্পাদক সামরুল ইসলাম মিলন, সাতক্ষীরা জেলা ছাত্রদলের সহ-সভাপতি শেখ রিজভী আহমেদ, সরুলিয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শফিকুল ইসলাম, সরুলিয়া ইউনিয়ন বিএনপির ওয়ার্ড সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মকবুল হোসেন, সরুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শিমুল হোসেন, হারুন অর রশিদ কলেজ ছাত্রদলের সভাপতি মিরাজ হোসেন প্রমূখ।