ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,  ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিরাজগঞ্জে বেপরোয়া গরু চোরচক্র, আতঙ্কে কৃষক-খামারিরা আজ কমতে পারে তাপমাত্রা, স্বস্তির বৃষ্টির পূর্বাভাস দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ বিশেষ সংবাদ সম্মেলন রাশিয়ার হুমকিতে ফ্রান্সের পারমাণবিক ছাতায় ফিনল্যান্ড জাপানে শতবর্ষী প্রবীণের সংখ্যা ১ লাখ ৭ হাজার, ৮৮ শতাংশই নারী মোহাম্মদপুরে মধ্যরাতে পার্কিং করা বাসে আগুন নন্দিগ্রাম-রেজিনগরের উপনির্বাচন মুসলিমদের জন্য পরীক্ষা: শুভেন্দু অধিকারী মিয়ানমার জান্তাকে তথ্য সরবরাহের অভিযোগে তদন্তের মুখে টেলিনর ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে ড্রোন হামলা: স্তব্ধ সৌদির বিশ্বব্যাপী তেল রপ্তানি থানচির বলিপাড়ায় আগুনে ১৩ দোকান ভস্মীভূত

মক্কায় হুতিদের ড্রোন হামলা ব্যর্থ করল সৌদি


  • আপলোড সময় : বুধবার ১৬ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৯:০৮ এএম

আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরবের পবিত্র নগরী মক্কার আকাশসীমা লক্ষ্য করে ইয়েমেনের সশস্ত্র হুতি গোষ্ঠীর একটি বিস্ফোরক ড্রোন হামলার চেষ্টা সফলভাবে নস্যাৎ করে দিয়েছে সৌদির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ইয়েমেন সীমান্ত থেকে ধেয়ে আসা ড্রোনটি পবিত্র মক্কার নিষিদ্ধ আকাশসীমায় প্রবেশের আগেই ধ্বংস করা হয়। তুর্কি আন্তর্জাতিক বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদনে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের বরাত দিয়ে বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোরে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

 

সৌদি নেতৃত্বাধীন আরব জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি জানিয়েছেন, মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে ড্রোনটি সৌদির প্রতিরক্ষা ব্যবস্থার রাডারে শনাক্ত হয়। নিষিদ্ধ আকাশসীমায় পৌঁছানোর পূর্বেই আকাশেই সেটি ভূপাতিত করা হয়। পরবর্তীতে ধ্বংসপ্রাপ্ত ড্রোনটির অবশিষ্ট অংশ মক্কার দক্ষিণাঞ্চলের জনমানবহীন এলাকায় গিয়ে পড়ে। এই ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

 

জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি আরও বলেন, পবিত্র মক্কা নগরীকে লক্ষ্য করে এটি হুতি বিদ্রোহীদের দ্বিতীয়বারের মতো হামলার চেষ্টা। এর আগে ২০১৭ সালের ২৭ জুলাই মক্কার অভিমুখে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল হুতিরা, যা সে সময়ও আকাশেই ধ্বংস করা হয়। তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, দুই পবিত্র মসজিদ (মসজিদুল হারাম ও মসজিদে নববী) এবং সেখানে আসা লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লিদের সার্বিক নিরাপত্তা তাদের কাছে 'রেড লাইন' বা সর্বোচ্চ অগ্রাধিকারের বিষয়। ভবিষ্যতে এ ধরনের যেকোনো হামলা প্রতিরোধে জোট প্রয়োজনীয় সব ধরনের সামরিক ব্যবস্থা গ্রহণ করবে।

 

এর আগের দিন সোমবারও সৌদি আরবের বিভিন্ন বেসামরিক এলাকায় একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় হুতি বিদ্রোহীরা। সৌদি জোটের তথ্যানুযায়ী, দেশটির খামিস মুশাইত, আবহা ও তায়েফ শহরে পরিচালিত সেই হামলায় অন্তত ১৩ জন বেসামরিক নাগরিক আহত হন। পাশাপাশি হামলায় সাতটি আবাসিক বাড়ি এবং দুটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। একের পর এক এমন হামলায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

 

উল্লেখ্য, বিগত কয়েক বছর ধরে তুলনামূলক শান্ত থাকার পর চলতি ২০২৬ সালের জুলাইয়ের শুরু থেকে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারি বাহিনী এবং হুতি বিদ্রোহীদের মধ্যে সশস্ত্র সংঘাত নতুন করে তীব্র রূপ ধারণ করেছে। ২০১৪ সালে হুতি বিদ্রোহীরা রাজধানী সানা ও দেশটির কয়েকটি প্রদেশ দখল করে নেওয়ার পর থেকে ইয়েমেনে গৃহযুদ্ধ চলছে। পরবর্তীতে ২০১৫ সালে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিতে সৌদি নেতৃত্বাধীন আরব জোট ইয়েমেনে সরাসরি সামরিক হস্তক্ষেপ করে।


এ সম্পর্কিত আরো খবর