‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে নতুন একটি বাহিনী আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। বিতর্কিত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বাহিনীকে বিলুপ্ত করে পুলিশের অধীনে নতুন এই বিশেষায়িত ইউনিট গঠন করা হয়েছে। বুধবার থেকে নতুন এই নামে কার্যক্রম শুরু করার কথা জানিয়েছে বাহিনীর লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং।
বুধবার ডাকা সংবাদ সম্মেলনের আমন্ত্রণপত্র ও বাহিনীর বিভিন্ন ইউনিটের সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন লোগো ব্যবহার করতে দেখা গেছে। নতুন লোগোতে ‘র্যাব’-এর স্থলে ‘এসআরবি বাংলাদেশ’ লেখা হলেও লোগোর মূল নকশা অপরিবর্তিত রাখা হয়েছে। এছাড়া, র্যাবের পূর্বের ওয়েবসাইটেও লোগো পরিবর্তন করে বড় করে ‘এসআরবি’ লেখা যুক্ত করা হয়েছে, যদিও এর ইউআরএল ঠিকানা আগেরটিই বহাল রয়েছে।
এর আগে গত ১০ সেপ্টেম্বর বিভিন্ন মহলের আপত্তি ও বিতর্কের মধ্যেই জাতীয় সংসদে র্যাব বিলুপ্ত করে পুলিশের অধীনে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ বা এসআরবি গঠনের বিল পাস হয়। মঙ্গলবার এসংক্রান্ত প্রজ্ঞাপন জারির মধ্য দিয়ে আইনটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়।