দেশের জ্বালানি খাতের দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত করতে দেশজুড়ে আরও ১৫০টি নতুন গ্যাসকূপ খনন এবং তিনটি নতুন এলএনজি টার্মিনাল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। বুধবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক বিশেষ সংবাদ সম্মেলনে এই তথ্য জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের আয়োজিত এই সংবাদ সম্মেলনে সরকারের বিভিন্ন খাতের উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। মাহদী আমিন জানান, গ্যাস-সংকটের স্থায়ী সমাধানে মধ্যমেয়াদে প্রথম ধাপে ১৫০টি কূপ খনন শুরু হয়েছে এবং পরবর্তী সময়ে আরও ১৫০টি কূপ খনন করা হবে। এলএনজির সক্ষমতা বাড়াতে বর্তমান দুটি টার্মিনালের সঙ্গে আরও তিনটি টার্মিনাল যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সম্ভব হলে ২০২৮ সালের আগেই তৃতীয় টার্মিনাল চালুর চেষ্টা চলছে। এছাড়া জ্বালানি নিরাপত্তা বাড়াতে চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণের জন্য এক বিলিয়ন ডলারের আন্তর্জাতিক অর্থায়ন পাওয়া গেছে এবং কার্যক্রম শুরু হয়েছে।
ব্যবসায়ীদের সঙ্গে সাম্প্রতিক বৈঠকের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় গ্যাস সরবরাহ পরিস্থিতির দ্রুত উন্নতি হয়েছে এবং এই ধারা অব্যাহত থাকবে। পাশাপাশি, বৈশ্বিক বাজারের তুলনায় বাংলাদেশে ডিজেলের দাম তুলনামূলক কম রাখা হয়েছে এবং এই খাতে সর্বোচ্চ ভর্তুকি দেওয়া হচ্ছে।
অর্থনৈতিক অগ্রগতির বিষয়ে উপদেষ্টা জানান, আন্তর্জাতিক ক্রেডিট রেটিং সংস্থা মুডিসের রেটিংয়ে বাংলাদেশ ‘নেতিবাচক’ থেকে ‘স্থিতিশীল’ অবস্থানে ফিরে এসেছে, যা দেশের বিনিয়োগ ও আন্তর্জাতিক মর্যাদাকে শক্তিশালী করবে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, মূল্যস্ফীতিও এখন ইতিবাচক ধারায় রয়েছে এবং খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির হার কমেছে।
জনকল্যাণ ও রাষ্ট্রে সংস্কারের জন্য সরকার সাতটি প্রধান ক্ষেত্র নির্ধারণ করেছে বলে জানান মাহদী আমিন। ক্ষেত্রগুলো হলো—তারুণ্যের ক্ষমতায়ন, শিক্ষা ও প্রযুক্তি উদ্ভাবন, গণমানুষের জীবনমান উন্নয়ন, নারীর অগ্রযাত্রা, সর্বজনীন কল্যাণ ও সামাজিক সুরক্ষা, পরিবেশবান্ধব জ্বালানি ও জলবায়ু সহনশীল শিল্পায়ন, আধুনিক স্বাস্থ্য অবকাঠামো এবং প্রাতিষ্ঠানিক সুশাসন ও বৈদেশিক সম্পর্ক।
প্রবাসীর আয়ের বিষয়ে তিনি জানান, বৈশ্বিক সংকটের মধ্যেও গত ৬ মাসে প্রবাসী আয় ১৩ দশমিক ১০ শতাংশ বেড়েছে। এছাড়া ১০ হাজার বাংলাদেশির ইতালিতে বৈধ অভিবাসন এবং ওমানের শ্রমবাজারে কৃষিসহ আধুনিক মৎস্য আহরণ খাতে নতুন সুযোগ তৈরি হয়েছে। সারের সরবরাহ স্বাভাবিক রাখতে আগামী ফেব্রুয়ারি পর্যন্ত ১৫ লাখ ৬৮ হাজার মেট্রিক টন সার উদ্বৃত্ত রেখে পরিকল্পনা নেওয়া হয়েছে।
১৬ বছরের ফ্যাসিবাদ-পরবর্তী ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠন করার কথা উল্লেখ করে মাহদী আমিন বলেন, মাত্র সাত মাসে সব সমস্যার সমাধান করা কঠিন হলেও সরকারের সর্বোচ্চ আন্তরিকতা দৃশ্যমান। দলমতের ঊর্ধ্বে উঠে একটি সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়াই সরকারের মূল লক্ষ্য।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানান, সরকারের দায়িত্ব গ্রহণের ২১২ দিন চলছে এবং গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। এছাড়া অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সংবাদপত্রের স্বাধীনতার বিষয়ে সরকারের ইতিবাচক দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।